Sydney Sweeney: Female athletes accuse Sydney Sweeney ad of sexualizing women in sports

Sydney Sweeney: বলে আবৃত বক্ষযুগল, লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! মার্কিন অভিনেত্রীর বিজ্ঞাপন ঘিরে ক্ষোভ মহিলা অ্যাথলিটদের

বুদাপেস্ট, ১৭ সেপ্টেম্বর: খেলাধুলায় নারীদের উপস্থাপন ও বাণিজ্যিকীকরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। একটি স্পোর্টস বেটিং এবং ট্রেডিং প্ল্যাটফর্ম নভিগের প্রচারে সুইনিকে খুব অল্প পোশাকে বা বিনা পোশাকে দেখা গিয়েছে। শরীরের বিভিন্ন অংশে কৌশলে ফুটবল ও ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনের দৃশ্য। তা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক বিশিষ্ট মহিলা অ্যাথলিট।

২০২৫ সালে আমেরিকান ইগলের ডেনিম ক্যাম্পেনে বিতর্কের সৃষ্টি করার পর, এ বার স্পোর্টস ট্রেডিং অ্যাপ নভিগের বিজ্ঞাপনে ক্যামেরার সামনে এই নগ্ন বা প্রায়-নগ্ন উপস্থাপনায় ধরা দিয়েছেন ২৯ বছর বয়সি এই আমেরিকান তারকা। সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হওয়া বিজ্ঞাপনটিতে লজ্জা ঢাকতে ফুটবল, বাস্কেটবল, বাস্কেটবল নেট, টেনিস র‍্যাকেট এবং বেসবল ব্যাট-সহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। খবর অনুযায়ী, নভিগের এই ভাইরাল বিজ্ঞাপনটি মুক্তির প্রথম দু’দিনেই প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে।

বিজ্ঞাপনটির তীব্র সমালোচনা করে চার বারের অলিম্পিক সাঁতার সোনাজয়ী অস্ট্রেলিয়ার আরিয়ানে টিটমাস সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, নারীর শরীরকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করে মহিলাদের খেলাধুলাকে যৌনতার সঙ্গে জুড়ে দেওয়ার প্রবণতা এখনও কেন সমাজে বজায় রয়েছে। ব্রিটিশ স্প্রিন্টার অ্যামি হান্টও প্রকাশ্যে এর প্রতিবাদ জানিয়েছেন। বুদাপেস্টে আল্টিমেট চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে চতুর্থ হওয়ার পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাধুলোর জগতে নারীদের আসল পরিচয় কঠোর পরিশ্রম, রক্ত, ঘাম আর চোখের জল।

পাশাপাশি, অলিম্পিক্সে ওয়াটার পোলোতে রুপোজয়ী টিলি কার্নস বিজ্ঞাপনটিকে ঘৃণার চোখে দেখার কথা জানান। ব্রিটিশ অলিম্পিক এবং সাইক্লিংয়ে স্বর্ণপদকজয়ী সোফি কেপওয়েলও এমন একটি পৃথিবীর প্রত্যাশা করেছেন যেখানে খেলাধুলায় মহিলাদের উপস্থাপনের জন্য যৌন আবেদনকে প্রধান উপাদান হিসাবে তুলে ধরা হয় না। প্রাক্তন মার্কিন জিমন্যাস্ট গ্রেসি ক্রেমার এবং চিন-জার্মানির রাগবি খেলোয়াড় সোফি ফেল্লারও একই সুরে অভিযোগ করে জানান যে, মহিলা ক্রীড়াবিদদের দীর্ঘদিন ধরেই কেবল শারীরিক অবয়বের ভিত্তিতে বিচার করা হয়েছে। নভিগ ও সিডনি সুইনির প্রতিনিধিদের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।