কলকাতা, ১৬ সেপ্টেম্বর: ধূমপায়ীদের পকেটে ফের চাপ। নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের সিগারেটের দাম আবারও বাড়িয়েছে আইটিসি। ইতিমধ্যেই নতুন দামের প্যাকেট বাজারে আসতে শুরু করেছে বলে সূত্রের খবর। ‘ক্লাসিক কানেক্ট’ এবং ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের দাম বেড়েছে।
‘ক্লাসিক কানেক্ট’-এর ২০টি সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪২৮ টাকা। অর্থাৎ প্যাকেট-পিছু দাম বেড়েছে ৩৮ টাকা, যা প্রায় ৯.৭৪ শতাংশ। অন্য দিকে, ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর ১০টি সিগারেটের প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৯ টাকা। এই ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার প্রায় ১২.৬৬ শতাংশ।
চলতি বছরে তামাকজাত পণ্যের উপর কর কাঠামোয় পরিবর্তনের পর থেকেই সিগারেটের দাম একাধিক দফায় বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি এবং নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কাঠামো কার্যকর হয়। করের বাড়তি বোঝা সামাল দিতে আইটিসি-সহ একাধিক সংস্থা বিভিন্ন ব্র্যান্ডের দাম বাড়িয়েছিল।
এর পরেও ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ‘ক্লাসিক কানেক্ট’-এর দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে প্রথমে ৩৬০ এবং পরে ৩৯০ টাকা করা হয়েছিল। ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর দামও ৫৯ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছিল।
এ দিকে নতুন করে দাম বাড়ানোর খবরের পর বুধবার আইটিসির শেয়ারে উত্থান দেখা যায়। বিএসই-তে দিনের সর্বোচ্চ ২৬৩.৫০ টাকায় পৌঁছে শেয়ারটির দর ২.১৩ শতাংশ পর্যন্ত বাড়ে।