Amit Shah’s West Bengal Durga Puja Visit: Belur Math to Sreebhumi

Amit Shah: মহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড়-বালি -শোভাবাজার ঘুরে যাবেন শ্রীভূমিতে

The NewsNest Desk: দুর্গাপুজোর আবহে আবারও পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর দ্বিতীয় সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেওয়া থেকে শুরু করে কলকাতার একাধিক নামী পুজোমণ্ডপ ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। বেলুড় মঠ, বালির দেশবন্ধু ক্লাব, চেতলার ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি হয়ে শ্রীভূমিতে যাবেন তিনি। সেখান থেকে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাওয়ার কথা শাহের।

সূত্রের খবর, ১৭ অক্টোবর প্রথম সপ্তমীর সন্ধ্যায় আমদাবাদ থেকে বিমানে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা তাঁর। এর পর সেখান থেকে সরাসরি আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায় যাবেন শাহ। সেখানেই রাতে থাকবেন তিনি। ১৮ অক্টোবর, দ্বিতীয় সপ্তমীতে সকাল থেকে তাঁর পুজো পরিক্রমা শুরু হওয়ার কথা। ওই দিন কলকাতার পাশাপাশি হাওড়া লাগোয়া কয়েকটি পুজোমণ্ডপেও যেতে পারেন তিনি।

বেলুড় মঠ দিয়ে শুরু পুজো পরিক্রমা

সূত্রের খবর, ১৮ অক্টোবর সকালে ‘সৌজন্য’ থেকে বেরিয়ে প্রথমে বেলুড় মঠে যাবেন শাহ। সেখানে বেশ কিছুটা সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এর পর বেলুড় মঠ থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজোমণ্ডপে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানকার পুজো দেখে ফের অতিথিশালায় ফিরে আসার কথা তাঁর। এর পর কলকাতার দক্ষিণ ও উত্তর অংশের একাধিক পুজোমণ্ডপে যাওয়ার সূচি রয়েছে শাহের। চেতলার ২৪ পল্লির পুজো ঘুরে তিনি যাবেন শোভাবাজার রাজবাড়িতে। সেখানে পুজো ও আরতি দেখার পাশাপাশি কিছুটা সময় কাটাবেন বলে জানা গিয়েছে।

শেষ গন্তব্য শ্রীভূমি, তার পর দিল্লি

শোভাবাজার রাজবাড়ি থেকে শাহের পরবর্তী গন্তব্য শ্রীভূমি। সেখানকার দুর্গাপুজো ঘুরে দেখার পর সরাসরি কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন তিনি। ১৮ অক্টোবরই দিল্লি ফিরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরও দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ। সে বার তিনি বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় গিয়েছিলেন। পাশাপাশি সল্টলেকের EZCC-তে গিয়ে পুজোমণ্ডপের উদ্বোধনও করেছিলেন তিনি। তবে এ বারের সফরসূচিতে সন্তোষ মিত্র স্কোয়ার বা EZCC নেই বলেই সূত্রের খবর। পরিবর্তে বেলুড় মঠ, বালি, চেতলা, শোভাবাজার রাজবাড়ি ও শ্রীভূমির মতো জায়গাগুলিকে কেন্দ্র করে সাজানো হয়েছে তাঁর পুজো পরিক্রমা।

পালাবদলের পর প্রথম দুর্গাপুজো, নজর শাহের সফরে

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এ বারই প্রথম দুর্গাপুজো। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন বলে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি।এর আগে পুজোর মধ্যেই অমিত শাহের রাজ্যে আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। এ বার তাঁর সফরের সম্ভাব্য সূচি সামনে আসায় রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। তবে পুজোমণ্ডপ পরিদর্শনের বাইরে তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি রয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: Rahul Gandhi ‘জ্ঞানেশের পর মোদী, অমিত শাহের পালা, থামব না’, সুপ্রিম কোর্টমুখী মিছিল থেকে হুঁশিয়ারি রাহুলের