চেয়ারম্যান হলেই নাকি এলাকার প্রতিটি ঘরে পৌঁছে যাবে গাঁজা-ইয়াবা! শুধু তাই নয়, বেকারদের জন্য ‘গাঁজা ভাতা’, মাদকসেবীদের জন্য ‘বিশেষ কার্ড’ এবং স্কুল-কলেজের সামনে ‘ফ্রি সাপ্লাই’-এর প্রতিশ্রুতিও রয়েছে। এমনই চাঞ্চল্যকর লেখা-সহ পোস্টার ঘিরে তোলপাড় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে। তবে পোস্টারে যার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, সেই যুবদল নেতা দাবি করেছেন, পুরো বিষয়টিই তাঁর বিরুদ্ধে অপপ্রচার।
সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি মাসুদুর রহমান খোকনের নামে সাঁটানো হয়েছে ওই পোস্টার। তাতে লেখা হয়েছে, ‘আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেবো।’ পোস্টারে তাঁকে ‘গাঁজার ডিলার’ বলেও উল্লেখ করা হয়েছে। সোমবার রাত থেকে শাহজাদপুর গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি দেখা যায়। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
খোকনের দাবি, তিনি এমন কোনও পোস্টার ছাপাননি এবং চেয়ারম্যান প্রার্থীও নন। তাঁর অভিযোগ, কয়েক দিন আগে ছেলেকে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতার পরিবারের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছে। তার পর থেকেই তাঁকে হেয় করতে এই পোস্টার লাগানো হয়েছে বলে দাবি তাঁর। তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করেছেন সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম। তাঁর দাবি, পোস্টার লাগানোর সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কারও কোনও সম্পর্ক নেই।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।