কলকাতা, ১৬ সেপ্টেম্বর: বড়পর্দায় দীর্ঘদিন ধরে দর্শকের পরিচিত মুখ কোয়েল মল্লিক। এ বার কি ছোটপর্দাতেও দেখা যাবে তাঁকে? টলিপাড়ায় এমনই জোর জল্পনা। শোনা যাচ্ছে, সোনি আট-এর নতুন বাংলা ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোয়েল বা সংশ্লিষ্ট চ্যানেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন এই ধারাবাহিক। জনপ্রিয় একটি কোরীয় গল্প অবলম্বনে বাংলায় সিরিয়ালটি তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেই কাহিনির কেন্দ্রীয় নারীচরিত্রের জন্য নাকি কোয়েল মল্লিককেই ভাবা হয়েছে। তবে অভিনেত্রী শেষ পর্যন্ত এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
ছোটপর্দার সঙ্গে কোয়েলের অবশ্য একেবারে কোনও যোগ নেই, এমন নয়। এর আগে নন-ফিকশন অনুষ্ঠান ‘কথা ও কাহিনি’-তে সঞ্চালকের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু কোনও বাংলা ধারাবাহিকে মুখ্যচরিত্রে তাঁকে এখনও দেখা যায়নি। ফলে নতুন খবর ঘিরে অনুরাগীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। কোয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই আপাতত ধারাবাহিকে তাঁর অভিনয়ের বিষয়টি নিশ্চিত নয়।
অন্য দিকে, বড়পর্দাতেও ব্যস্ত অভিনেত্রী। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামে আরও একটি ছবির শুটিং শুরু করেছেন। ফলে সিনেমার পাশাপাশি ছোটপর্দায় নতুন কোনও ভূমিকায় কোয়েলকে দেখা যায় কি না, এখন সেটাই দেখার।