দুর্গাপুজোর আগে ঘরবাড়ি সাজিয়ে তুলতে কার না ভালো লাগে! আর পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হলো নানা রকমের ফুল, যার মধ্যে পদ্মের রূপ ও পবিত্রতা আলাদা মাত্রা যোগ করে। শখের বসে অনেকেই বাড়ির ছাদ বা বারান্দায় টবে পদ্ম চাষ করতে চান। সঠিক নিয়ম ও কিছু সাধারণ যত্ন মেনে চললে খুব সহজেই বাড়িতে পদ্ম ফুল ফোটানো সম্ভব।
বাড়িতে পদ্ম চাষের জন্য প্রয়োজনীয় কয়েকটি সহজ টিপস ও ট্রিক্স নিচে দেওয়া হল:
সঠিক পাত্র নির্বাচন: পদ্ম গাছের জন্য চওড়া ও বড় প্লাস্টিক বা মাটির পাত্র বেছে নিন। পাত্রটি যত প্রশস্ত হবে, গাছের ছড়ানোর সুবিধা তত বাড়বে।
মাটির প্রস্তুত প্রণালী: এঁটেল মাটি অথবা ভালো মানের সাধারণ মাটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পচা গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে ভালো করে কাদা তৈরি করে নিন। খেয়াল রাখবেন মাটিতে যেন কোনও রাসায়নিক না থাকে।
রাইজোম বা শিকড় রোপণ: সুস্থ পদ্মের রাইজোম বা শিকড় সংগ্রহ করে কাদার মধ্যে খুব আলতোভাবে পুঁতে দিন। অঙ্কুরিত অংশটি যেন উপরের দিকে থাকে।
পর্যাপ্ত সূর্যালোক: পদ্ম গাছ রোদ খুব ভালোবাসে। তাই বাড়ির এমন একটি জায়গায় পাত্রটি রাখুন যেখানে প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা সরাসরি রোদ এসে পৌঁছায়।
জলের স্তর ও পরিচর্যা: পাত্রের জল প্রতি দুই সপ্তাহে একবার পরিবর্তন করতে হবে যাতে মশা বা জমানো জলের সমস্যা না হয়। গাছ বৃদ্ধির এক মাস পর থেকে প্রতি মাসে একবার জলজ উদ্ভিদের জন্য উপযোগী সার ব্যবহার করা উচিত
নিয়মিত এই ছোটখাটো যত্নটুকু নিলেই পুজোর আগেই আপনার বাড়ির বারান্দা বা ছাদ সেজে উঠবে ফোটা পদ্মের মুগ্ধতায়।