কলকাতা: বাঙালির দুর্গোৎসবে প্রতিবারই নতুন চমক নিয়ে হাজির হয় নিউ আলিপুরের বিখ্যাত পুজো কমিটি ‘সুরুচি সংঘ’। গত বছর পর্যন্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত এই সর্বজনীন পুজোয় এবার থিম ভাবনায় আসছে এক বড় পরিবর্তন। ২০২৬ সালের দুর্গোৎসবে সুরুচি সংঘের মণ্ডপসজ্জা ও থিমের কেন্দ্রে থাকছে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং বঙ্গভঙ্গের প্রেক্ষাপট। এই বিশেষ থিমের নাম দেওয়া হয়েছে ‘উৎস’।
সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর প্রেক্ষাপট মাথায় রেখেই আয়োজকরা এই ঐতিহাসিক বিষয়বস্তু বেছে নিয়েছেন। শিল্পী অনির্বাণের ভাবনায় তৈরি হতে চলা এই মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করলেই দেখতে পাবেন শ্যামাপ্রসাদের একটি বিশাল মূর্তি। পাশাপাশি, দেশভাগের সময় বাংলা রক্ষায় তাঁর অবস্থান, রাজনৈতিক টানাপোড়েন এবং বিস্মৃতির পাতায় চলে যাওয়া নানা ঐতিহাসিক তথ্য ও অজানা অধ্যায় শিল্পের ভাষায় ফুটিয়ে তোলা হবে। ১৯৪৭ সালের বঙ্গভঙ্গ এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি মণ্ডপের অন্দরে বিভিন্ন ঘটনার মাধ্যমে তুলে ধরা হবে।
আরও পড়ুন: ISKON : শ্রীল প্রভুপাদের খুব শক্তিশালী উক্তি ও নির্দেশনা
তবে থিম পুরোপুরি ইতিহাসনির্ভর হলেও পুজোর মূল আকর্ষণ বা ঐতিহ্যে কোনো পরিবর্তন আসছে না। শিল্পভাবনার মাঝেও মণ্ডপের প্রধান আকর্ষণ হিসেবে দেবী দুর্গা যথারীতি মহিষাসুরমর্দিনী রূপেই পূজিতা হবেন। গত বছর যেখানে স্বাধীনতা আন্দোলনের অনুশীলন সমিতির ইতিহাস জায়গা পেয়েছিল, সেখানে এবার শ্যামাপ্রসাদের বর্ণময় ও বিতর্কিত রাজনৈতিক জীবনকে সামনে রেখে সুরুচি সংঘের এই আয়োজন দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলেই মনে করা হচ্ছে।