NAZA documentary directors threats

গাজা নিয়ে তথ্যচিত্র ‘NAZA’-র পরিচালকদের হুমকি, ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে উসকানির অভিযোগ

গাজায় ইসরাইলি সামরিক অভিযানে সাধারণ মানুষের মৃত্যুর বিষয়টি তুলে ধরা তথ্যচিত্র ‘NAZA’-র দুই ইসরাইলি পরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরকে ঘিরে হুমকি আরও তীব্র হয়েছে। ইসরাইলি সরকারের একাধিক মন্ত্রী, দক্ষিণপন্থী কর্মী এবং সংবাদমাধ্যমের একাংশের আক্রমণের মুখে পড়েছেন তাঁরা। তাঁদের সমর্থনে এবার সরব হয়েছে ৪৩টি ইসরাইলি মানবাধিকার সংগঠন।

গার্ডিয়ান প্রযোজিত প্রায় ৮০ মিনিটের এই তথ্যচিত্রটি সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। পুরস্কার ঘোষণার পর ছবিটি নিয়ে ইসরাইলের রাজনৈতিক মহলে বিতর্ক আরও বাড়ে। সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার পরিচালকদের নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও পরিচালকদের কড়া আক্রমণ করেন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছবিটিকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ, তথ্যচিত্রে ইসরাইলি সেনাবাহিনীকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরা হয়েছে। ইসরাইলি সেনাপ্রধান আইয়াল জামিরও ছবির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে সেনাদের ‘মিথ্যা’ অভিযোগের নিশানা করা হবে না বলে মন্তব্য করেছেন।

এর পরেই দক্ষিণপন্থী কর্মীদের একাংশ পরিচালকদের বাড়ি ও তাঁদের পরিচিতদের ঠিকানার সামনে বিক্ষোভের ডাক দেয়। এমনকি আব্রাহামের পরিবারের সদস্যদেরও নিশানা করার আহ্বান জানানো হয়েছে বলে অভিযোগ। ইসরাইলের আশদোদ শহরে দুই পরিচালকের ছবি এঁকে তার উপর ‘বিশ্বাসঘাতক’ লেখা একটি দেয়ালচিত্রও দেখা যায়।

পরিস্থিতিতে ৪৩টি মানবাধিকার সংগঠন ইসরাইলি কর্তৃপক্ষের কাছে হুমকি ও উসকানি বন্ধ করার দাবি জানিয়েছে। পাশাপাশি দেড় হাজারেরও বেশি ইসরাইলি চলচ্চিত্র নির্মাতা তাঁদের সমর্থনে একটি আবেদনে সই করেছেন। তাঁদের বক্তব্য, মতপ্রকাশ ও শিল্পচর্চার স্বাধীনতা রক্ষা করা জরুরি।

আব্রাহাম জানিয়েছেন, ইসরাইলই তাঁর দেশ এবং সেখানেই থাকতে চান। তবে সাম্প্রতিক হুমকির জেরে দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তিনি আশঙ্কায় রয়েছেন।

‘NAZA’-র দুই পরিচালক এর আগে ‘No Other Land’ তথ্যচিত্রের জন্য অস্কার পেয়েছিলেন।