The NewsNest Desk: ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে পোপ চতুর্দশ লিও। ৭১ বছর বয়সি ক্যাথলিক ধর্মগুরুর ডান ফুসফুসের নীচের অংশ অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে মূল অস্ত্রোপচার। যদিও সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা অপারেশন থিয়েটারে ছিলেন পোপ। অস্ত্রোপচারের পর তাঁকে রোমের জেমেলি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
পোপের শারীরিক অসুস্থতার খবর আগেই সামনে এসেছিল। স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ফুসফুসে অস্বাভাবিক বৃদ্ধি নজরে আসে চিকিৎসকদের। পরীক্ষায় ফুসফুসে টিউমরের সন্ধান মেলে। এর পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
কী ধরনের ক্যানসার ধরা পড়েছে পোপের?
প্রতিবেদন অনুযায়ী, পোপ চতুর্দশ লিওর ফুসফুসে লাং অ্যাডেনোকার্সিনোমা ধরা পড়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন। টিউমরের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে চিকিৎসকেরা হিস্টোলজিক্যাল পরীক্ষা করেন। সেই পরীক্ষার ফলের ভিত্তিতেই ক্যানসার শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর পোপের জ্ঞান ফিরেছে এবং অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানানো হয়েছে। আপাতত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পোপ চতুর্দশ লিওর স্বাস্থ্য নিয়ে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে। তাঁর চিকিৎসার অগ্রগতি এবং ভ্যাটিক্যানের পরবর্তী আনুষ্ঠানিক বিবৃতির দিকে এখন নজর রয়েছে।