কলকাতা: উৎসবের মরসুমের ঠিক আগে অনলাইন খাবার অর্ডার করা গ্রাহকদের জন্য এল ধাক্কা। জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা ‘জোম্যাটো’ এবার ‘ক্যাশ অন ডেলিভারি’ বা খাবার হাতে পেয়ে নগদ মূল্য মেটানোর ক্ষেত্রে অতিরিক্ত মাসুল চালু করল। অর্ডারের মোট পরিমাণের ওপর নির্ভর করে অতিরিক্ত ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে গ্রাহকদের।
এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে মানুষের পকেটে টান পড়েছে। তার ওপর পুজো-পার্বণে বাড়িতে বসে বা বাইরে থেকে অনলাইনে খাবার অর্ডার করার চল অনেক বেশি থাকে। অনেকেই নিরাপত্তার কারণে বা আগে পেমেন্ট করতে না চাওয়ায় ‘ক্যাশ অন ডেলিভারি’ বিকল্প বেছে নেন। জোম্যাটোর এই নতুন নিয়মের জেরে এবার সেই নগদ পেমেন্ট করা মানুষদেরই বাড়তি খরচ গুনতে হবে। তবে, যারা আগে থেকেই অনলাইনে বা ডিজিটাল পেমেন্ট করবেন, তাদের জন্য আপাতত কোনো অতিরিক্ত ফি ধার্য করা হচ্ছে না।
খাবারের দামের পাশাপাশি বর্তমানে প্যাকেজিং চার্জ, ডেলিভারি পার্টনার ফি এবং সরকারি জিএসটি যুক্ত হয়। এর আগে জোম্যাটো ও সুইগি তাদের ‘প্ল্যাটফর্ম ফি’ বাড়িয়েছিল। বর্তমানে জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি ১৪.৯০ টাকা। যদিও প্রতিযোগী সংস্থা সুইগি এখনও নগদ পেমেন্টে এমন বাড়তি চার্জ চালু করেনি, তবে উৎসবের আবহে জোম্যাটোর এই সিদ্ধান্তে মধ্যবিত্তের বাজেটে যে কিছুটা চাপ বাড়বে, তা বলাই বাহুল্য।