নয়াদিল্লি: প্রাক্তন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরের খালাসের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করেছেন চার মহিলা কুস্তিগির। যৌন হেনস্তার মামলায় গত ৩ আগস্ট দু’জনকেই খালাস দিয়েছিল ট্রায়াল কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে করা আবেদনের প্রথম শুনানি শনিবার, ২৬ সেপ্টেম্বর হওয়ার কথা। বিশেষ বিচারক দিগ বিনয় সিংয়ের এজলাসে মামলাটি উঠবে।
আবেদনে কুস্তিগিরদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রায়াল কোর্টে প্রমাণ ও সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রে ভুল এবং বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তাঁদের আরও বক্তব্য, অভিযোগকারীদের আচরণ বিচার করার সময় আদালত ‘আদর্শ নির্যাতিতা’র একটি পুরনো ধারণাকে গুরুত্ব দিয়েছে। ফলে যৌন হেনস্তার শিকার মহিলার আচরণ কেমন হওয়া উচিত—এমন প্রচলিত ধারণার সঙ্গে অভিযোগকারীদের আচরণ মিলিয়ে দেখা হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। আবেদনকারীদের আরও দাবি, রায়ে প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠিত আইনি নীতির বদলে অনুমান ও ধারণার উপর নির্ভর করা হয়েছে।
আরও পড়ুন : Martial Arts Competition : আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য বঙ্গকন্যা জিনাতের
২০২৩ সালে দেশের কয়েক জন শীর্ষ মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিলেন। পরে দিল্লি পুলিশ ব্রিজভূষণ ও বিনোদ তোমরের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। ২০২৪ সালে তাঁদের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়।
তবে ৩ আগস্টের রায়ে ট্রায়াল কোর্ট জানায়, অভিযোগগুলি প্রমাণের ক্ষেত্রে অসঙ্গতি এবং অন্যান্য বিষয় ছিল এবং প্রসিকিউশন অভিযোগগুলি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। ছয় অভিযোগকারীর মধ্যে দু’জন পরে তাঁদের আগের বক্তব্য সমর্থন করেননি; তৃতীয় এক অভিযোগকারীর ক্ষেত্রে অভিযোগ গঠন করা হয়নি।
আরও পড়ুন : Asian Games 2026: ১৬ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ১০ হাজার মিটারে ব্রোঞ্জ সীমার