নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম ওঠার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় নতুন মোড়। তদন্তের আবেদন খারিজ করে দেওয়া নিম্ন আদালতের আগের নির্দেশ সোমবার বাতিল করেছে দিল্লির দ্বারকা আদালতের বিশেষ আদালত। বিচারক বিশাল গোগনে জানিয়েছেন, আগের নির্দেশে যথাযথ কারণ দেখানো হয়নি এবং আইনি প্রক্রিয়াও সঠিক ভাবে অনুসরণ করা হয়নি।
অভিযোগটি করেছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আইনজীবী বিকাশ ত্রিপাঠী। তাঁর দাবি, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগে, ১৯৮০ সালের ভোটার তালিকায় সনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্তের আবেদন করা হয়েছিল।
২০২৫ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালতের বক্তব্য ছিল, অভিযোগের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত প্রমাণ নেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন ত্রিপাঠী।
সোমবার বিশেষ বিচারক গোগনে আগের নির্দেশ বাতিল করে মামলাটি ফের নিম্ন আদালতে পাঠিয়েছেন। নতুন করে অভিযোগের শুনানি করে কারণ-সহ নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানি হবে।
অভিযোগকারীর দাবি, ১৯৮০ সালের ভোটার তালিকায় সনিয়ার নাম থাকার নথি রয়েছে। অন্য দিকে, এই অভিযোগের সত্যতা এখনও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়নি। ফলে নতুন শুনানিতে অভিযোগ, নথি এবং তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে আদালত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।