Maa Flyover: Four injured in a major head-on collision on Kolkata's Maa Flyover

Maa Flyover: সাতসকালে মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা!  আহত ৪

The NewsNest Desk:  শনিবার সকালে কলকাতার মা ফ্লাইওভারে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত চার জন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে যায়। অন্য গাড়িটির ডানদিক সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে একটি গাড়ি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল। অভিযোগ, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফ্লাইওভারের ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে যায়। ঠিক সেই সময় বাইপাসের দিক থেকে পার্ক সার্কাসের দিকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে একটি গাড়ির চাকা খুলে রাস্তায় ছিটকে পড়ে। অন্য গাড়িটির ডানদিকের অংশ কার্যত দুমড়ে যায়। সংঘর্ষের সময় গাড়ির ভিতরে থাকা দুটি এয়ারব্যাগ খুলে যায়। তাতেও যাত্রীদের আঘাত এড়ানো সম্ভব হয়নি। চালক-সহ মোট চার জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে মা ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলে এমন দুর্ঘটনায় ফের প্রশ্ন উঠেছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথনিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন: South City Mall: সাউথ সিটি কমপ্লেক্সের ২৮ তলায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন!