The NewsNest Desk: মন্দিরে পুজো দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ভক্তরা। আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁদের উপর দিয়ে ছুটে গেল নিয়ন্ত্রণহীন ট্রাক। ভয়াবহ দুর্ঘটনায় মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে শীতলা মন্দিরের কাছে এই দুর্ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের বাইরে অপেক্ষারত ভক্তদের ধাক্কা মারে। প্রথমে পুলিশের ব্যারিকেড ও চেকপয়েন্ট ভেঙে ট্রাকটি ভক্তদের উপর উঠে যায়। পরে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা মেরে থামে গাড়িটি। গোয়ালিয়রের সিনিয়র পুলিশ সুপার ধর্মবীর সিংহ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রবিবার সকালে আরও এক জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৩।
আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ রাস্তায় কী ভাবে ঢুকে পড়ল ধানবোঝাই ট্রাকটি? পুলিশ জানিয়েছে, ওই রাস্তায় ভারী যানবাহন চলাচলের অনুমতি নেই। তা সত্ত্বেও ট্রাকটি কী ভাবে সেখানে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলাশাসক রুচিকা চৌহানও দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নবরাত্রি উপলক্ষে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। রাস্তায় ব্যারিকেড বসানোর পাশাপাশি পুলিশের চেকপয়েন্টও ছিল। তা সত্ত্বেও কী ভাবে ট্রাকটি নিরাপত্তাব্যবস্থা ভেঙে মন্দিরের কাছে পৌঁছে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে মোতায়েন থাকা দুই পুলিশকর্মীও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে ট্রাকের চালক দুর্ঘটনার পর কোথায় রয়েছেন, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে গোয়ালিয়রে। পাশাপাশি, ব্যারিকেড ও পুলিশের চেকপয়েন্ট থাকা সত্ত্বেও কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তের পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় কার, তা স্পষ্ট হবে।