Mad Sandhu: Punjabi influencer and makeup artist Mad Sandhu was shot dead in Amritsar; police suspect a planned attack and are probing the wider conspiracy.

Mad Sandhu: সোশ্যাল মিডিয়াতে ‘মেয়েলি’ কটাক্ষ, সমকাম বিদ্বেষেই খুন পাঞ্জাবের ইনফ্লুয়েন্সর?

The NewsNest Desk:  অমৃতসরে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল জনপ্রিয় পাঞ্জাবি কনটেন্ট ক্রিয়েটর ও মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধুকে। তাঁর আসল নাম মধুসূদন সান্ধু। শনিবার লোহারকা রোডের একটি কার ওয়াশিং পয়েন্টে দুই বাইক আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকেই ম্যাড সান্ধুর রক্তাক্ত অবস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে নমুনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু হয়। প্রথম দিকে হত্যার কারণ স্পষ্ট না হলেও তদন্ত যত এগিয়েছে, পুলিশের হাতে উঠে এসেছে হামলাটি পরিকল্পিত হওয়ার সম্ভাবনার তথ্য।

আগে থেকেই অনুসরণ করা হচ্ছিল সান্ধুকে?

অমৃতসর পুলিশের কমিশনার হরমনবীর সিং গিল ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হামলাকারীরা ম্যাড সান্ধুকে আগে থেকেই অনুসরণ করছিল। সান্ধু কার ওয়াশিং পয়েন্টে পৌঁছনোর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে পুলিশের দাবি। হামলার পরে অভিযুক্তরা লোহারকা রোডের দিকে পালিয়ে যায়। পুলিশের বক্তব্য অনুযায়ী, এই ঘটনায় কারা সরাসরি গুলি চালিয়েছে এবং কারা হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত, সে সম্পর্কেও তদন্তকারীদের কাছে কিছু তথ্য এসেছে। ফলে তদন্তে শিগগিরই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশ কমিশনার। এখনও হত্যার নির্দিষ্ট উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের পাশাপাশি এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছিলেন আলাদা পরিচয়

পাঞ্জাবের অন্যতম পরিচিত এলজিবিটিকিউ প্লাস ব্যক্তিত্ব হিসেবে ম্যাড সান্ধুর জনপ্রিয়তা ছিল যথেষ্ট। মেকআপ, ফ্যাশন এবং জীবনধারাভিত্তিক নানা ধরনের কনটেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিপুল অনুরাগী তৈরি করেছিলেন তিনি। ইনস্টাগ্রাম রিলস এবং বিভিন্ন ভাইরাল ভিডিয়ো তাঁকে আরও পরিচিত করে তোলে।

তবে তাঁর পরিচিতি শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল না। পাঞ্জাব ও মুম্বইয়ের চলচ্চিত্র জগতে স্টাইলিস্ট এবং সহকারী পোশাক পরিকল্পক হিসেবেও কাজ করেছেন তিনি। পরে একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন। বিভিন্ন পডকাস্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে সৌন্দর্যচর্চা, পাঞ্জাবি সিনেমা, লিঙ্গ ও আত্মপরিচয় এবং এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। নিজের লিঙ্গপরিচয় ও সাজপোশাকের কারণে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কটূক্তি ও হোমোফোবিক ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে সান্ধুকে। কিন্তু সেই চাপের কাছে নিজেকে আড়াল করেননি তিনি। বরং নিজের পরিচয় নিয়ে প্রকাশ্যেই কথা বলতেন।

‘জোশ টকস’-এর একটি প্রোফাইলেও তাঁর ইনফ্লুয়েন্সার, স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার পথচলার কথা উঠে এসেছিল। সেখানে সামাজিক কটাক্ষ এবং লিঙ্গ ও যৌনতা নিয়ে নিজের অভিজ্ঞতাও জানিয়েছিলেন তিনি। এদিকে রবিবার ময়নাতদন্তের পর ম্যাড সান্ধুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে শোকের আবহে শেষ বিদায় জানানো হয় তাঁকে। পরিকল্পিত হত্যার সম্ভাবনা সামনে আসার পর এখন পুলিশের মূল লক্ষ্য অভিযুক্তদের গ্রেফতার করা এবং এই খুনের নেপথ্যের সম্পূর্ণ কারণ ও ষড়যন্ত্রের পর্দা ফাঁস করা।