Jharkhand Naxal commander Brijesh Ganjhu killed in UP ATS encounter in Varanasi

Brijesh Ganjhu বারাণসীতে ‘এনকাউন্টার’, নিহত ৩০ লক্ষের ইনামি নকশাল কমান্ডার ব্রিজেশ গাঞ্জু

উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন ঝাড়খণ্ডের নকশাল কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহ ভোক্তা। রবিবার ভোরে রামনগর থানা এলাকার লঙ্কা ময়দানের কাছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা বা ইউপি এটিএসের সঙ্গে তাঁর সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিষিদ্ধ সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি বা টিপিসির প্রধান হিসেবে তাঁকে চিহ্নিত করা হয়েছে।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পর এটিএসের একটি দল স্থানীয় পুলিশের সঙ্গে মিলে বারাণসীর রামনগর এলাকায় অভিযান চালায়। সেই সময় এক সহযোগীকে নিয়ে মোটরবাইকে টেংরা মোড় থেকে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছিলেন ব্রিজেশ। পুলিশ তাঁদের থামিয়ে গ্রেফতারের চেষ্টা করলে তিনি গুলি চালান বলে অভিযোগ। পাল্টা গুলিতে ব্রিজেশ আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই নকশাল নেতার বিরুদ্ধে মোট ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ঝাড়খণ্ড সরকার তাঁর গ্রেফতারে তথ্যের জন্য ২৫ লক্ষ টাকা এবং জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এনআইএ-র একাধিক মামলায়ও তিনি ওয়ান্টেড ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন :  Irregular Periods: অনিয়মিত পিরিয়ডস? এই সব খাবার নিয়ম করে খেলে মিলবে উপকার

গুলির লড়াইয়ে এটিএসের ডেপুটি পুলিশ সুপার বিপিন রাই এবং হেড কনস্টেবল নিতেন্দ্র কৃষ্ণের বুলেটপ্রুফ জ্যাকেটেও গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে। তাঁরা নিরাপদ রয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে তদন্তকারী দল।

ব্রিজেশ গাঞ্জুর মৃত্যুর খবর এল এমন এক সময়ে, যখন পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে সিপিআই (মাওবাদী)-র শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ১৭ সেপ্টেম্বর তাঁকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঝাড়খণ্ড ও ওড়িশায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দুই রাজ্যে মিলিয়ে তাঁর বিরুদ্ধে ২ কোটি ২০ লক্ষ টাকার বেশি পুরস্কার ঘোষণার কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন : Pakistan বিয়েতে এক পদ, বিদেশ সফর-সরকারি নৈশভোজ বন্ধ! জ্বালানি সঙ্কটে কৃচ্ছ্রসাধনের পথে পাকিস্তান