সুইডেনের পার্লামেন্টে জায়গা করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত নীলা ভিখে পাটিল। সুইডেনের গ্রিন পার্টির হয়ে স্টকহলম সিটি নির্বাচনী এলাকা থেকে জয়ী হয়েছেন ৪১ বছর বয়সি নীলা। রাজনৈতিক পরিবারের সদস্য নীলার ঠাকুরদা বালাসাহেব ভিখে পাটিল ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কাকা রাধাকৃষ্ণ ভিখে পাটিল বর্তমানে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী।
সুইডেনেই জন্ম নীলার। তবে তাঁর শৈশবের একটা বড় সময় কেটেছে মহারাষ্ট্রের অহমদনগরে। তাঁর বাবা অশোক ভিখে পাটিল শিক্ষাবিদ। অর্থনীতি ও আইনে স্নাতক হওয়ার পর মাদ্রিদের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন নীলা। পরে রাজনীতিতে যোগ দিয়ে সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। অর্থ, শুল্ক ও আবাসন সংক্রান্ত বিষয়েও দায়িত্ব সামলেছেন তিনি। স্টকহলম পুরসভার সিটি কাউন্সিলের সদস্য হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন : Gemini AI পাসওয়ার্ড অনুমান করে ৩ সংস্থার সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই!
পার্লামেন্টে নতুন দায়িত্ব পাওয়ার পর শিশু ও কিশোরদের হয়ে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন নীলা। তাঁর কথায়, যারা ভোট দিতে পারে না, তাঁদের কণ্ঠস্বর হতে চান তিনি। এমন একটি সমাজ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক শিশুর সুন্দর ভবিষ্যতের সুযোগ থাকবে।
নতুন দায়িত্বে নিজের ঠাকুরদা বালাসাহেব ভিখে পাটিলের কথা বিশেষ ভাবে স্মরণ করছেন নীলা। জানিয়েছেন, জীবনের শেষ বছরগুলিতে ঠাকুরদা প্রায় প্রতি সপ্তাহেই তাঁকে ফোন করতেন। নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হত। নীলা বলেন, তিনি ভারতকে খুব ভালবাসেন এবং তাঁর অনেক ঘনিষ্ঠ ভারতীয় বন্ধু রয়েছেন। ভারতের সঙ্গে তাঁর পারিবারিক ও আবেগের যোগ এখনও অটুট বলেও জানান তিনি।
আরও পড়ুন : Telenor Myanmar probe মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, মোবাইল পরিষেবা সংস্থা টেলিনরের বিরুদ্ধে