Far-right activists disrupt Seattle Diwali celebrations with anti-Hindu slogans, drawing condemnation from US lawmakers and Indian-American groups.

Diwali ‘হিন্দুদের তাড়াও’, আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে হামলার চেষ্টা! ট্রাম্প-ঘনিষ্ঠ উগ্রপন্থীদের বিরুদ্ধে নিন্দার ঝড়

THE NEWSNEST DESK : আমেরিকার মাটিতে দীপাবলির উৎসবেও এবার হিন্দুবিদ্বেষের ছায়া! সিয়াটলে ভারতীয় সংস্কৃতি ও দীপাবলি উদ্‌যাপনের একটি অনুষ্ঠানে ঢুকে হিন্দুদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল মার্কিন অতি-দক্ষিণপন্থী দুই কর্মীর বিরুদ্ধে। তাঁদের হাতে ছিল ‘Deport All Dot Heads’ এবং ‘Stop Hindu Replacement of Christians’ লেখা পোস্টার। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মার্কিন ভারতীয় সম্প্রদায়ের মধ্যে। নিন্দায় সরব হয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য প্রমীলা জয়পালও।

ঘটনাটি ঘটেছে শনিবার, ৭ নভেম্বর, ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল সেন্টার আর্মরিতে। সেখানে চলছিল ‘দীপাবলি: লাইটস অফ ইন্ডিয়া’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, ভরতনাট্যম, কথক, কুচিপুড়ি নৃত্য, শিল্পকলা প্রদর্শনী এবং নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছিল আলোর উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভারতীয় বংশোদ্ভূত পরিবার ও শিশু।

সেই সময়ই সেখানে হাজির হন মার্কিন অতি-দক্ষিণপন্থী কর্মী জেক ল্যাং এবং থমাস অ্যালেন। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘Deport All Dot Heads’। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষদের লক্ষ্য করে ব্যবহৃত এই শব্দবন্ধটি বর্ণবিদ্বেষী গালি হিসেবেই পরিচিত। অন্য একটি পোস্টারে লেখা ছিল, ‘Stop Hindu Replacement of Christians’। অর্থাৎ, খ্রিস্টানদের জায়গা হিন্দুরা দখল করে নিচ্ছে, এমন একটি বিভাজনমূলক প্রচার চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত মানুষজন এর প্রতিবাদ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আয়োজক ও উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে ওই দুই বিক্ষোভকারীকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পের ক্ষমা পাওয়া জেক ল্যাংকে ঘিরে বিতর্ক

এই ঘটনার অন্যতম অভিযুক্ত জেক ল্যাংকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার বছর কারাবাসের পর ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান তিনি।

সিয়াটলের ঘটনার পর সমাজমাধ্যমে হিন্দুদের নিশানা করে আরও আক্রমণাত্মক মন্তব্য করেন ল্যাং। তাঁর অভিযোগ, আমেরিকার টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের পিছনে হিন্দুদের ভূমিকা রয়েছে। সদ্যসমাপ্ত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধাক্কার প্রসঙ্গ টেনেই তিনি ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেন। এমনকী অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের আক্রান্ত হওয়ার অভিযোগও তোলেন।

প্রমীলা জয়পালের কড়া প্রতিক্রিয়া

ঘটনার নিন্দা করে মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল সমাজমাধ্যমে লেখেন, এই ধরনের বর্ণবিদ্বেষী আচরণ অত্যন্ত নিন্দনীয়। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রত্যেকেরই নিরাপদ পরিবেশে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালনের অধিকার রয়েছে। তাঁর কথায়, এই ধরনের ঘৃণা ও বিদ্বেষের কোনও জায়গা আমেরিকা কিংবা সিয়াটলে নেই।

ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী তথা প্রাক্তন হোয়াইট হাউস উপদেষ্টা অজয় জৈন ভুটোরিয়াও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, হিন্দু আমেরিকান ও ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী ভাষা এবং ষড়যন্ত্রমূলক প্রচার কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা (CoHNA) সিয়াটল ও আশপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংগঠনটির দাবি, অনুষ্ঠানে শিশুরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। ভবিষ্যতে অন্য দীপাবলি অনুষ্ঠানেও বিঘ্ন ঘটানোর হুমকি দেওয়া হয়েছে বলে সংগঠনটির অভিযোগ।

উল্লেখযোগ্য, একদিকে হোয়াইট হাউসে নিজে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্‌যাপনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তাঁর ক্ষমায় মুক্তি পাওয়া এক অতি-দক্ষিণপন্থী কর্মীর নেতৃত্বে সিয়াটলে হিন্দুদের উৎসবের মধ্যে এমন বিক্ষোভের ঘটনা ঘটল। ফলে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং অভিবাসীবিরোধী মনোভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।