Strait of Hormuz: Bomb blasts hit oil tankers carrying Indian sailors near the Strait of Hormuz

Strait of Hormuz: হরমুজে ভারতীয় নাবিকবাহী ট্যাঙ্কারে বোমা বিস্ফোরণ, জাহাজে আগুন! হামলায় বাড়ছে উদ্বেগ

The NewsNest Desk: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। এ বার পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে বোমা বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ওই জাহাজে ২৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তার আগের দিন একই এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী আরও একটি জাহাজে হামলা হয়েছিল। দু’টি ঘটনায় মোট ২৯ জন ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সকলেই নিরাপদে রয়েছেন।

শুক্রবার আক্রান্ত হয় পানামার পতাকাবাহী ট্যাঙ্কার এমটি লুইস ১। জাহাজমন্ত্রী জানিয়েছেন, ওই জাহাজে ২৭ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। তার আগে বৃহস্পতিবার লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজেও একই ধরনের হামলা হয়েছিল। সেই জাহাজে ছিলেন আরও দু’জন ভারতীয়। তাঁদেরও নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও ঘটনায় প্রাণহানির খবর নেই।

তবে এই হামলার পদ্ধতি নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক অভিযোগ, দূর থেকে ক্ষেপণাস্ত্র বা বোমা ছুড়ে হামলা করা হয়নি। বরং ছোট নৌকায় করে জাহাজের কাছে পৌঁছে তার গায়ে বিস্ফোরক লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ধরনের বিস্ফোরককে বলা হয় ‘লিম্পেট মাইন’। জাহাজের ধাতব অংশে সেঁটে দেওয়া এই বোমা নির্দিষ্ট সময় পরে বিস্ফোরিত হতে পারে। পর পর বিস্ফোরণের জেরে জাহাজে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামুদ্রিক অভিযানে এই ধরনের বিস্ফোরক ব্যবহার করেছিল ব্রিটিশ বাহিনী। তুলনামূলক কম খরচে জাহাজের ক্ষতি করার জন্য এগুলি কার্যকর বলে মনে করা হয়। ফলে হরমুজের মতো গুরুত্বপূর্ণ জলপথে এই কৌশলের ব্যবহার সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

এই পরিস্থিতিতে ভারত সমস্ত পক্ষকে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের সমাধানের আহ্বান জানিয়েছে। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেল ও জ্বালানির সরবরাহে প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে অবরোধ ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন: Israel Election: নেতানিয়াহু শিবির ছাড়ল কট্টরপন্থী ইহুদি দল, ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা