Ajit Mahato: TMC leader Ajit Mahato arrested over alleged Rs 10 lakh job fraud.

Ajit Mahato: গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাহাতো, সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

The NewsNest Desk: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। অভিযোগ, বন দফতরে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে কয়েক দফায় মোট ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করার কথা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অজিত নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে তাঁকে বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই তিনি অভিযুক্তকে টাকা দেন।

অভিযোগকারীর দাবি, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মোট চার দফায় অজিত মাহাতোকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। এরপর টাকা ফেরত চাইলেও অভিযুক্তের কাছ থেকে কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ।

সজলের আরও অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ২ লক্ষ টাকা দাবি করেন অজিত মাহাতো বলেও অভিযোগ। শুধু সজল নন, একইভাবে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আরও একাধিক বেকার যুবকের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। তদন্তের পর বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

এই ঘটনায় আর কারা জড়িত, কোনও বৃহত্তর প্রতারণা চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: Bhutan: ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে হড়পা বান, উত্তরবঙ্গ, অসমে সতর্কতা!