The NewsNest Desk: বিরিয়ানি পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তার মধ্যে যদি থাকে জাফরানের সুগন্ধ, নরম মুর্গির টুকরো, ঘি আর বেরেস্তার মিশ্রণ, তাহলে স্বাদ আরও জমে যায়। রেস্তোরাঁয় না গিয়েও বাড়িতে সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু জাফরানি মুর্গ বিরিয়ানি। রইল রেসিপি।
উপকরণ
বাসমতি চাল — ৭৫০ গ্রাম
চিকেন — ৭৫০ গ্রাম
গোটা গরমমশলা — ১০ গ্রাম
দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, জায়ফল ও জয়িত্রী — ৫ গ্রাম
তেজপাতা — ৫টি
জাফরান গুঁড়ো — ১ চা-চামচ
দুধ বা গরম জল — সামান্য
পেঁয়াজ কুচি — ২ টেবিলচামচ
পেঁয়াজ বাটা — ১০ গ্রাম
আদা বাটা — ১০ গ্রাম
রসুন বাটা — ১০ গ্রাম
হলুদ গুঁড়ো — আধ চা-চামচ
লঙ্কা গুঁড়ো — প্রয়োজনমতো
ফেটানো টক দই — আধ কাপ
শাহি গরমমশলা গুঁড়ো — ১ চা-চামচ
নুন — স্বাদমতো
সাদা তেল ও ঘি — প্রয়োজনমতো
গোলাপ জল — সামান্য
সিদ্ধ ডিম — সাজানোর জন্য
জাফরানি মুর্গ বিরিয়ানি বানানোর পদ্ধতি
প্রথমে অল্প গরম জল অথবা দুধের মধ্যে জাফরান গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জাফরানের রং ও সুগন্ধ ভালোভাবে বেরিয়ে আসবে।
এবার বাসমতি চাল ধুয়ে নিয়ে তেজপাতা ও গোটা গরমমশলা দিয়ে রান্না করুন। চাল পুরোপুরি সেদ্ধ করবেন না; প্রায় ৭৫ শতাংশ সেদ্ধ হলেই নামিয়ে ঝরঝরে করে রাখুন। এর উপর আগে থেকে ভিজিয়ে রাখা জাফরানের মিশ্রণ ছড়িয়ে দিন।
অন্যদিকে কড়াইয়ে তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেরেস্তা তৈরি করুন। বেরেস্তা তুলে আলাদা করে রাখুন।
এবার কড়াইয়ে প্রয়োজনমতো তেল ও ঘি দিয়ে অবশিষ্ট গোটা গরমমশলা ও তেজপাতা ফোড়ন দিন। তার মধ্যে চিকেনের টুকরোগুলি দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফেটানো টক দই ও নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে চিকেন সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে শাহি গরমমশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন।
এবার বিরিয়ানি দমে বসানোর পালা। একটি ভারী তলার হাঁড়ির ভিতরে অল্প গলানো ঘি মাখিয়ে নিন। প্রথমে কিছুটা রান্না করা ভাত, তার উপর বেরেস্তা এবং মাংস দিন। এভাবে ভাত, বেরেস্তা ও চিকেনের কয়েকটি স্তর তৈরি করুন। সবশেষে উপর থেকে সামান্য গোলাপ জল ছড়িয়ে দিন।
একটি বড় তাওয়া গরম করে তার উপর বিরিয়ানির হাঁড়িটি বসিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে দমে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সিদ্ধ ডিম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সুগন্ধি জাফরানি মুর্গ বিরিয়ানি।