Strait of Hormuz, : Iran Offers to Reopen Strait of Hormuz Within Seven Days If US Eases Military Pressure: Report

Strait of Hormuz: আমেরিকা চাপ কমলেই ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত ইরান

তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ করলে আগামী সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে ইরান। জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এক ইরানি আধিকারিক। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে ইতিমধ্যে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শত্রুতার স্থায়ী অবসান ঘটাতে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে তেহরান। তবে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছেন ওই আধিকারিক। তাঁর মতে, কূটনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে ওয়াশিংটনকে যথাযথ আন্তরিকতা ও প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে।

আরও পড়ুন: Bilateral Meeting: আমেরিকায় বৃহস্পতিবার বৈঠক শাহবাজ-তারেকের, কোন কোন বিষয়ে কথা বলবেন পাক – বাংলদেশের প্রধানমন্ত্রী

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ে মতানৈক্যের জেরে দীর্ঘ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক অভিযানের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তবুও দুই পক্ষের মধ্যে ধারাবাহিক পাল্টাপাল্টি আক্রমণের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে সামরিক অবরোধ বহাল রাখে এবং তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই আবহে ইরানের এই প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।