West Bengal to see heavy rain from September 22 to 25 as Bay low pressure intensifies

West Bengal ২২ থেকে ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি বাংলায়! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি জানিয়েছে, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে ২১ ও ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন : Pulkit Mani mimics রাহুলের মঞ্চে মোদীর নকল, পুলকিত মণিকে নিয়ে বিতর্ক! ‘কংগ্রেসকে নিশানা বিজেপির

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডির ২০ সেপ্টেম্বরের সতর্কবার্তায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে।

কলকাতার ক্ষেত্রেও ২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২২ সেপ্টেম্বর কলকাতায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। ২৫ সেপ্টেম্বরও ভারী বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব পড়বে। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ওই সময়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপটি আরও শক্তিশালী হলে বৃষ্টির পরিমাণ ও ঝোড়ো হাওয়ার তীব্রতায় পরিবর্তন হতে পারে। তাই আগামী কয়েক দিনে আবহাওয়া দফতরের পরবর্তী সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Neela Vike Patil সুইডেনের পার্লামেন্টে ভারতীয় বংশোদ্ভূত নীলা ভিখে পাটিল, ঠাকুরদা কেন্দ্রীয় মন্ত্রী