ইজরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের আগে প্রকাশিত নতুন জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তুলনায় গাদি আইজেনকোটকে বেশি পছন্দ করেছেন বেশি সংখ্যক ভোটার। শুক্রবার প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, এখনই নির্বাচন হলে ৪৮ শতাংশ ইজরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে পছন্দ করবেন। নেতানিয়াহুকে পছন্দ করেছেন ৪০ শতাংশ। ইজরায়েলি সংবাদপত্র ‘মারিভ’-এর প্রকাশিত এই সমীক্ষাটি লাজার রিসার্চ ও প্যানেলফোরঅল যৌথভাবে করেছে।
তবে অন্য দুই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে ছবিটা আলাদা। প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ৪৪ শতাংশ সমর্থন নিয়ে নেতানিয়াহুর ৪১ শতাংশের চেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে আভিগদর লিবারম্যানের বিরুদ্ধে ৪২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন নেতানিয়াহু; লিবারম্যান পেয়েছেন ৩৮ শতাংশ।
সমীক্ষায় ১২০ আসনের নেসেটে দলগুলির সম্ভাব্য আসনসংখ্যারও একটি চিত্র উঠে এসেছে। আইজেনকোটের ইয়াশার পার্টি ২৩টি আসন নিয়ে সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে সমীক্ষায় অনুমান করা হয়েছে। নেতানিয়াহুর লিকুদ পেতে পারে ১৮টি আসন। নাফতালি বেনেটের দল ১৩টি এবং ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস ও লিবারম্যানের ইজরায়েল বেইতেনু পেতে পারে ৯টি করে আসন।
সমীক্ষা অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেতে পারে ৫০টি আসন, বিরোধী শিবিরের সম্ভাব্য আসন ৫৪। আরব দলগুলি পেতে পারে ১২টি এবং রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ৪টি আসন। অর্থাৎ কোনও শিবিরই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় ৬১টি আসনে পৌঁছচ্ছে না।
১৬ ও ১৭ সেপ্টেম্বর ৪,০৮৯ জনকে নিয়ে সমীক্ষাটি চালানো হয়। সর্বোচ্চ নমুনা-ত্রুটি ৪ শতাংশ পয়েন্ট। ইজরায়েলে সাধারণ নির্বাচন ২৭ অক্টোবর হওয়ার কথা।