প্যারিস, ১৬ সেপ্টেম্বর: ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর ম্যান্ডেলিয়ু-লা-নাপুলের সৈকতে বুরকিনি পরার উপর নিষেধাজ্ঞা খারিজ করল আদালত। শুক্রবার নাইসের প্রশাসনিক আদালত জানিয়েছে, পুরো শরীর ঢেকে রাখা এই সাঁতারের পোশাকের উপর নিষেধাজ্ঞা চলাফেরার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতার মতো তিনটি মৌলিক অধিকারকে গুরুতর ভাবে এবং বেআইনি ভাবে খর্ব করেছে।
কান শহরের কাছে অবস্থিত এই পুরসভার তরফে দাবি করা হয়েছিল, বুরকিনির মতো পোশাক ধর্মীয় পরিচয় প্রকাশ করে এবং তা জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে। তবে আদালত সেই দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি। পুরসভা যে দু’টি ঘটনার উল্লেখ করেছিল, সেগুলিও ১০ এবং ১৪ বছর আগের বলে জানিয়েছে আদালত। বিচারকদের পর্যবেক্ষণ, বুরকিনি পরা ব্যক্তিদের কারণে সৈকতে থাকা মানুষজন বা সাঁতারুদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও প্রমাণ নেই। ফলে পোশাকটির উপর নিষেধাজ্ঞা জারি করার যথেষ্ট আইনি ভিত্তি ছিল না।
ফ্রান্সে মুসলিম মহিলাদের হিজাব, বুরকিনি-সহ বিভিন্ন পোশাক নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এর আগে দেশের সর্বোচ্চ প্রশাসনিক আদালতও সৈকতে বুরকিনি নিষিদ্ধ করার একটি নির্দেশ খারিজ করেছিল। তা সত্ত্বেও কয়েকটি উপকূলীয় পুরসভা গ্রীষ্মকালে এই ধরনের নিষেধাজ্ঞা বহাল রেখেছিল।ম্যান্ডেলিয়ু-লা-নাপুলে ২০১২ সালে প্রথম সৈকতে বুরকিনি নিষিদ্ধ করেছিল। পরবর্তী সময়ে সর্বোচ্চ প্রশাসনিক আদালতের সিদ্ধান্তের পরও শহরের রক্ষণশীল মেয়র একাধিক বার সেই নিষেধাজ্ঞা পুনর্নবীকরণ করেন। নাইস প্রশাসনিক আদালতের সাম্প্রতিক রায়ের ফলে ফ্রান্সে ধর্মীয় পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে চলা বিতর্ক ফের সামনে এল।