Singapore ReadSG Campaign rewards residents with virtual coins for reading books for 15 minutes a day

Singapore ReadSG Campaignবই পড়লেই টাকা! প্রতিদিন ১৫ মিনিট পড়লেই মিলবে ভার্চুয়াল কয়েন

স্মার্টফোনের পর্দায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর প্রবণতা কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। Singapore ReadSG Campaign নামে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মসূচিতে প্রতিদিন মাত্র ১৫ মিনিট বই পড়ার জন্য অংশগ্রহণকারীদের দেওয়া হচ্ছে ভার্চুয়াল কয়েন। নির্দিষ্ট পরিমাণ কয়েন জমলে তা সিঙ্গাপুরের মুদ্রার সমমূল্যে ব্যবহার করা যাবে।

৬ সেপ্টেম্বর শুরু হয়েছে এই কর্মসূচি। সিঙ্গাপুরের প্রথম National Reading Month-এর সূচনাও হয়েছে একই দিনে। ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের উদ্যোগে চালু হওয়া ReadSG Campaign-এর মূল লক্ষ্য নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করা। একই সঙ্গে দীর্ঘপাঠের মাধ্যমে মনোযোগ, সমালোচনামূলক চিন্তাভাবনা ও কল্পনাশক্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন : Lucknow কিস্তির টাকা দিতে না পারায় রক্ত বিক্রি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার ২

এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা, যাঁদের Singpass অ্যাকাউন্ট রয়েছে। শুরুতেই একটি ছোট ব্যক্তিত্বভিত্তিক কুইজ দিতে হবে। তার ফল অনুযায়ী অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট ‘Reading Flavour’ বা পড়ার ধরন বেছে দেওয়া হবে।

প্রতিদিন ১৫ মিনিট বই পড়ে সেই সেশন ReadSG Challenge পেজে নথিভুক্ত করতে হবে। প্রতিটি সম্পূর্ণ সেশনের জন্য পাওয়া যাবে ২০টি ভার্চুয়াল কয়েন। ১,০০০ কয়েনের মূল্য ১ সিঙ্গাপুর ডলার। অর্থাৎ ৫০ দিন নিয়ম মেনে পড়ার সেশন নথিভুক্ত করলে ১ সিঙ্গাপুর ডলার সমমূল্যের কয়েন পাওয়া যাবে। দিনে একটির বেশি সেশন নথিভুক্ত করা যাবে না।

আরও পড়ুন : Hindutva influencer : জামিনের মধ্যেই ফের ভাইরাল ভিডিও! চন্দ্রশেখর আজাদকে হুঁশিয়ারি

সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের বক্তব্য, এই কর্মসূচির উদ্দেশ্য মানুষকে অর্থ উপার্জনের সুযোগ দেওয়া নয়। বরং ডিজিটাল দুনিয়ার অতিরিক্ত কনটেন্ট থেকে মন সরিয়ে প্রতিদিন অল্প সময় হলেও বই পড়ার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।