The NewsNest Desk : অনলাইনে রেস্তরাঁ বুক করার সময় অ্যাপে এক দাম, কিন্তু খাওয়ার পর হাতে এল অনেক বেশি টাকার বিল! এমনই অভিযোগকে কেন্দ্র করে এবার কড়া নির্দেশ দিল দিল্লির উপভোক্তা আদালত। Swiggy Dineout-এর মাধ্যমে বুকিং করা একটি রেস্তরাঁয় অ্যাপে দেখানো দামের তুলনায় বেশি টাকা নেওয়ার অভিযোগে সুইগি এবং Themis Barbeque House-কে যৌথভাবে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন।
ঘটনাটি ২০২৪ সালের ৭ এপ্রিলের। আইনজীবী প্রবীণ কুমার সিং ১৪ জনের জন্য সুইগি ডাইনআউটের মাধ্যমে দিল্লির Themis Barbeque House-এ টেবিল বুক করেছিলেন। বুকিংয়ের সময় সুইগি অ্যাপে দু’জনের খাবারের খরচ বা ‘Cost for Two’ দেখানো হয়েছিল ১,৫০০ টাকা। অর্থাৎ মাথাপিছু আনুমানিক ৭৫০ টাকা।
কিন্তু রেস্তরাঁয় গিয়ে খাবার শেষে বিল হাতে পাওয়ার পরই শুরু হয় সমস্যা। অভিযোগ অনুযায়ী, সেখানে নিরামিষ বুফের দাম মাথাপিছু ১,০৫০ টাকা এবং আমিষ বুফের দাম ১,১০০ টাকা নেওয়া হয়। অর্থাৎ Swiggy Dineout-এ দেখানো দামের তুলনায় গ্রাহককে অনেক বেশি টাকা দিতে হয়।
‘অ্যাপে এক দাম, বিলে অন্য দাম’—কেন দায়ী সুইগিও?
বিষয়টি নিয়ে উপভোক্তা আদালতের দ্বারস্থ হন প্রবীণ কুমার সিং। মামলায় সুইগির পক্ষ থেকে দাবি করা হয়, তারা শুধুমাত্র একটি অনলাইন মাধ্যম বা ‘ইন্টারমিডিয়ারি’। রেস্তরাঁয় খাবারের আসল দাম কত, তার জন্য তাদের দায়ী করা যায় না।
তবে কমিশন সেই যুক্তি মানেনি। আদালতের পর্যবেক্ষণ, কোনও প্ল্যাটফর্মে পণ্যের বা পরিষেবার দাম দেখানো হলে সেটি সঠিক কি না, তা নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না সংশ্লিষ্ট সংস্থা। ফলে অ্যাপে বিভ্রান্তিকর দাম দেখানোর ঘটনায় সুইগি এবং রেস্তরাঁ—দুই পক্ষকেই দায়ী করা হয়েছে।
এই রায় অনলাইন ফুড বুকিং এবং রেস্তরাঁর ডিসকাউন্ট প্ল্যাটফর্ম ব্যবহারকারী গ্রাহকদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অ্যাপে ‘ডিল’, ‘কস্ট ফর টু’ বা বুফের দাম দেখে গ্রাহক বুকিং করেন। পরে রেস্তরাঁয় গিয়ে যদি আলাদা দাম নেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।
সার্ভিস চার্জ নিয়েও আপত্তি
শুধু খাবারের দামের গরমিল নয়, রেস্তরাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠে আসে। গ্রাহকের দাবি, আগাম কোনও স্পষ্ট নোটিস না দিয়েই পানীয়ের উপর ১০ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে ২৫৪ টাকা যোগ করা হয়েছিল।
এই বিষয়টিও কমিশনের নজরে আসে। আদালত রেস্তরাঁর এই ধরনের চার্জ আরোপের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
কত টাকা ফেরত দিতে হবে?
কমিশনের নির্দেশ অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে বুফের জন্য নেওয়া অতিরিক্ত ৩,৯৮৮ টাকা এবং সার্ভিস চার্জ হিসেবে নেওয়া ২৫৪ টাকা ফেরত দিতে হবে। এই অর্থের সঙ্গে ৯ শতাংশ বার্ষিক সুদও দিতে হবে।
এর পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য, অতিরিক্ত টাকা আদায় এবং পুরো ঘটনার কারণে গ্রাহকের যে হয়রানি ও মানসিক যন্ত্রণা হয়েছে, তার জন্য সুইগি এবং Themis Barbeque House-কে যৌথভাবে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
এই টাকা চার সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে ১২ শতাংশ বার্ষিক সুদে তা পরিশোধ করতে হবে বলেও সতর্ক করেছে আদালত।
ঘটনাটি ফের মনে করিয়ে দিল, অনলাইনে রেস্তরাঁ বুক করার সময় শুধু অফার বা ডিসকাউন্ট দেখলেই হবে না। বুকিংয়ের সময়কার দাম, শর্ত এবং শেষ বিল—তিনটিই মিলিয়ে দেখা জরুরি। অ্যাপের দামের সঙ্গে রেস্তরাঁর বিলে বড়সড় পার্থক্য থাকলে তার প্রমাণ রেখে উপভোক্তা ফোরামে অভিযোগ করার সুযোগও রয়েছে।