The NewsNest Desk: এক সাধারণ মানুষ কীভাবে ধীরে ধীরে ভয়ংকর সিরিয়াল কিলারে পরিণত হয়? তার পিছনে কী রয়েছে অতীতের কোনও অন্ধকার ইতিহাস, নাকি জমেথাকা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব? এমনই এক রহস্যময় গল্প নিয়ে ফিরছে ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’। আর এই ওয়েব সিরিজে একেবারে অন্য অবতারে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
‘চালচিত্র’ সিনেমার গল্পের সূত্র ধরেই তৈরি হচ্ছে নতুন এই ওয়েব সিরিজ। দুই বছর আগে ‘চালচিত্র’ ছবির মাধ্যমে টালিউডে পরিচিতি পেয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায়কে ওয়েব সিরিজের আকারে সামনে আনছেন পরিচালক প্রতীম ডি গুপ্ত।
সিরিয়াল কিলারের ভূমিকায় চঞ্চল
সিরিজে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে ভুবন হালদার চরিত্রের তরুণ বয়সের ভূমিকায়। ‘চালচিত্র’ ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন ব্রাত্য বসু। নতুন সিরিজে সেই চরিত্রের অতীত এবং অন্ধকার জীবনের দিকে নজর দেওয়া হবে। চঞ্চলের চরিত্রটি কীভাবে একজন সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে সিরিয়াল কিলারে পরিণত হয়, সেটিই গল্পের অন্যতম মূল বিষয়। একের পর এক খুনের নেপথ্যে কী কারণ, কীভাবে তৈরি হয় সেই মানসিকতা এবং অতীতের কোন ঘটনা তাকে বদলে দেয়—সিরিজে তারই উত্তর খোঁজা হবে।সম্প্রতি প্রকাশ্যে এসেছে চঞ্চল চৌধুরীর সিরিয়াল কিলার লুক। সেই লুক প্রকাশের পর থেকেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। অভিনেতা নিজেও জানিয়েছেন, চরিত্রটির একাধিক স্তর রয়েছে। তবে গল্পের রহস্য নষ্ট হয়ে যেতে পারে বলে এখনই তিনি বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না।
টোটার সঙ্গেও থাকছে বড় চমক
‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’-এ চঞ্চল ছাড়াও অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দ-সহ একাধিক পরিচিত মুখ। ফলে সিরিজটির কাস্ট নিয়েও দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। বিশেষ করে টোটা রায়চৌধুরীর উপস্থিতি সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে, হইচইয়ের হাত ধরে টোটা একই সময়ে ফেলুদা হিসেবেও ফিরছেন। ‘ফেলুদার গোয়েন্দাগিরি: বাক্স রহস্য’-এ তাঁকে ফের দেখা যাবে গোয়েন্দার ভূমিকায়। ফলে একদিকে ফেলুদার রহস্য সমাধান, অন্যদিকে ‘চালচিত্র’-এর অন্ধকার জগত—দুটি ভিন্ন স্বাদের গল্পে টোটার উপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
কলকাতায় একাধিক কাজ চঞ্চলের
শুধু ‘চালচিত্র’ নয়, কলকাতায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি দু’টি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ ছবিতেও দেখা যাবে তাঁকে। দুটি ছবিই আগামী বছর মুক্তির কথা রয়েছে।এদিকে রায়হান রাফীর ‘আন্ধার’ ছবির জন্যও অপেক্ষা করছেন চঞ্চল-ভক্তরা। দুর্গাপুজোয় ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর ২৬ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা। সব মিলিয়ে আগামী বছর চঞ্চল চৌধুরীর একাধিক কাজ পরপর সামনে আসতে চলেছে। তবে তার আগে নজর থাকবে ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’-এর দিকে। হইচইয়ে ডিসেম্বর মাসে মুক্তির কথা রয়েছে এই রহস্য-রোমাঞ্চ ওয়েব সিরিজটির। চঞ্চলের নতুন অবতার দর্শকদের কতটা চমকে দেয়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন : Kiran Rao: বিয়ের আগেই যৌনতা! ‘স্বাধীনচেতা’ জেন-জি’দের সমর্থন কিরণ রাওয়ের