Mithu Mukherjee: Veteran Bengali actress Mithu Mukherjee dies at 71 in Mumbai after prolonged illness

Mithu Mukherjee: মিঠু মুখোপাধ্যায় প্রয়াত, ৭১-এ থামল ‘মৌচাক’-এর নায়িকার অভিনয়যাত্রা

মুম্বই, ২১ সেপ্টেম্বর: বাংলা সিনেমার আকাশে ফের নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ক্যানসারের চিকিৎসা চলছিল বলে একাধিক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে।

সত্তর ও আশির দশকে বাংলা ছবির জনপ্রিয় মুখ ছিলেন মিঠু। চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ। এরপর ‘মর্জিনা আবদুল্লা’ তাঁকে দর্শকের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘হোটেল স্নো ফক্স’, ‘ভাগ্যচক্র’, ‘সন্ধি’—একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন তিনি।

বিশেষ করে ‘মৌচাক’-এর নীপা চরিত্র এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর জুটি আজও বাংলা ছবির দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক-সহ একাধিক খ্যাতনামা অভিনেতার সঙ্গে কাজ করেছেন মিঠু। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। ‘খান দোস্ত’, ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’ তাঁর উল্লেখযোগ্য হিন্দি ছবির মধ্যে রয়েছে।

তবে খ্যাতির শিখরে থেকেও একসময় অভিনয়জগৎ থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নেন মিঠু। ১৯৯০ সালে ‘আশ্রিতা’ ছবিতে শেষবার পর্দায় দেখা যায় তাঁকে। তারপর ক্রমশ প্রচারের আলো থেকে দূরে সরে গিয়ে ব্যক্তিগত জীবনেই নিজেকে সীমাবদ্ধ রাখেন অভিনেত্রী। পরবর্তী সময়ে মুম্বইতেই থাকতেন তিনি।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ চলচ্চিত্র জগতের বহু মানুষ। মিঠুর অভিনীত চরিত্র ও ছবিগুলি তাঁর অনুরাগীদের কাছে তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।