UPI transaction charges: Who will pay, who will earn and will small transactions stay free – explained

UPI transaction charges: ২,০০০ টাকার ইউপিআই পেমেন্টে কি কাটবে চার্জ? কেন্দ্রের নতুন নিয়মে যা জানা জরুরি

 

নয়াদিল্লি: ₹২,০০০-এর বেশি ইউপিআই লেনদেন করলেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে—এমন কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্র। নতুন গেজেট বিজ্ঞপ্তিতে ₹২,০০০ পর্যন্ত ইউপিআই লেনদেন এবং রুপে ডেবিট কার্ডের পেমেন্টে সরাসরি বা পরোক্ষ ভাবে কোনও চার্জ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে ভবিষ্যতে নির্দিষ্ট বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সম্ভাবনা খোলা রাখা হয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সংশোধিত আইনটি শুধুমাত্র একটি ‘এনেবলিং প্রভিশন’। অর্থাৎ, এর মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট ক্ষেত্রে চার্জ বসানোর আইনি সুযোগ তৈরি হয়েছে। এখনই কোনও ইউপিআই ব্যবহারকারীর উপর কর বা লেনদেনের ফি চাপানো হয়নি। ব্যক্তি থেকে ব্যক্তির টাকা পাঠানোর ক্ষেত্রেও কোনও পরিবর্তন হচ্ছে না।

এমডিআর হল ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ব্যবসায়ীর কাছ থেকে ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থার নেওয়া প্রক্রিয়াকরণ ফি। ২০২০ সাল থেকে ইউপিআইয়ে এমডিআর শূন্য থাকায় ব্যবসায়ীরা বিনা খরচে পেমেন্ট গ্রহণ করে আসছেন। তবে ইউপিআই ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ায় পরিকাঠামো, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা রোধে খরচও বেড়েছে। গত অগস্টে ইউপিআইয়ে প্রায় ২,৪৫১ কোটি লেনদেন হয়েছে, যার মোট মূল্য প্রায় ₹২৯.৮২ লক্ষ কোটি।

এনপিসিআইয়ের নেতৃত্বাধীন ২২ সদস্যের ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি ভবিষ্যতে এমডিআর চালু হবে কি না, তা নিয়ে আলোচনা করবে। কোন লেনদেনে, কত টাকার উপরে এবং কত হারে এই ফি নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনও হয়নি। ফলে আপাতত ₹২,০০০-এর বেশি ইউপিআই পেমেন্ট করলেই গ্রাহকের কাছ থেকে চার্জ নেওয়ার কোনও নিয়ম চালু হয়নি।