WhatsApp Business Messaging Rates: Meta to Charge Businesses for More Messages From October 1

WhatsApp মেসেজে এবার বাড়তি খরচ! ১ অক্টোবর থেকে বদলাচ্ছে Meta-র চার্জ

The News Nest Desk:  হোয়াটসঅ্যাপ বিজনেস বাবহার করেন? তাহলে ১ অক্টোবর থেকে আপনার খরচ বাড়তে পারে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ব্যবসাগুলির ক্ষেত্রে বার্তা পাঠানোর নতুন খরচের নিয়ম চালু করছে মেটা। এতদিন যে ধরনের কিছু বার্তা বিনামূল্যে পাঠানো যেত, এবার সেগুলির ক্ষেত্রেও টাকা দিতে হবে। নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। তার আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবসাগুলিকে হোয়াটসঅ্যাপের বার্তা পাঠানোর অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা যুক্ত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ব্যবস্থা না করলে ১ অক্টোবর থেকে পরিষেবা সংক্রান্ত বার্তা গ্রাহকের কাছে পৌঁছনো বন্ধ করে দিতে পারে মেটা।

কীভাবে হবে নতুন চার্জ?

Meta জানিয়েছে, ব্যবসার তরফে পাঠানো মেসেজ সফলভাবে গ্রাহকের কাছে পৌঁছলেই তার জন্য চার্জ ধার্য হবে। অর্থাৎ শুধু মেসেজ পাঠানোর চেষ্টা করলেই টাকা কাটা হবে না, ডেলিভারি সফল হওয়া গুরুত্বপূর্ণ। এতদিন WhatsApp Business Platform-এ গ্রাহক কোনও ব্যবসাকে মেসেজ করলে ২৪ ঘণ্টার একটি Customer Service Window (CSW) খুলত। এই সময়ের মধ্যে ব্যবসাগুলি গ্রাহকের প্রশ্নের উত্তর বা পরিষেবা সংক্রান্ত কিছু মেসেজ বিনামূল্যে পাঠাতে পারত। কিন্তু ১ অক্টোবর থেকে সেই ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। গ্রাহক ব্যবসাকে মেসেজ বা কল করলে ২৪ ঘণ্টার পরিষেবা-পর্ব শুরু হয়। গ্রাহক ফের কোনও মেসেজ পাঠালে সেই সময়সীমা আবার নতুন করে ২৪ ঘণ্টা পর্যন্ত বাড়ে।এই সময়ের মধ্যে ব্যবসা সাধারণ বা non-template message পাঠাতে পারে। এতদিন এই ধরনের পরিষেবা মেসেজের জন্য আলাদা চার্জ ছিল না। নতুন নিয়মে সেগুলির ক্ষেত্রেও ডেলিভারি-ভিত্তিক চার্জ লাগবে।

মার্কেটিং মেসেজেও চার্জ

WhatsApp Business-এ আগে থেকেই Marketing, Utility এবং Authentication—এই ধরনের Template Message-এর জন্য নির্দিষ্ট চার্জ ছিল। নতুন ব্যবস্থায় এগুলির জন্যও প্রতি মেসেজ ডেলিভারির ভিত্তিতে টাকা নেওয়া হবে। বিশেষ করে Utility Message নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে খোলা ২৪ ঘণ্টার Customer Service Window-এর মধ্যে পাঠানো Utility Template বিনামূল্যে ছিল। ১ অক্টোবর ২০২৬ থেকে সেই মেসেজের ক্ষেত্রেও চার্জ প্রযোজ্য হবে। ধরা যাক, কোনও গ্রাহক একটি সংস্থাকে WhatsApp-এ মেসেজ করলেন। এরপর সংস্থাটি পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সাধারণ মেসেজ পাঠাল। ২৪ ঘণ্টার Customer Service Window খোলা থাকলেও এবার সেই পরিষেবা মেসেজের জন্য চার্জ লাগতে পারে। গ্রাহক পণ্যটি কিনলে অর্ডার নিশ্চিত করার Utility Template পাঠালেও নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে।

তবে গ্রাহকের পাঠানো মেসেজ বা কলের জন্য ব্যবসাকে টাকা দিতে হবে না।

AI মেসেজেও নতুন হিসাব

Meta Business Agent Messages-এর ক্ষেত্রেও আলাদা বিলিং ব্যবস্থা থাকছে। Meta ২০২৬ সালের জুলাইয়ে এই AI-ভিত্তিক পরিষেবা চালু করেছে। Customer Service Window-এর মধ্যে AI Agent-এর মাধ্যমে পাঠানো non-template মেসেজ এই ব্যবস্থার আওতায় পড়ে। Meta জানিয়েছে, AI Agent মেসেজের ক্ষেত্রে প্রতি ১০ লক্ষ টোকেনে ২ ডলার হারে চার্জ নেওয়া হবে। এই হিসাবে ইনপুট এবং আউটপুট টোকেনের জন্য টাকা লাগবে, তবে cached token-এর জন্য চার্জ নেওয়া হবে না।

Meta-র হিসাব অনুযায়ী, একটি সাধারণ AI মেসেজে প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ টোকেন ব্যবহার হতে পারে। সে ক্ষেত্রে প্রতি ডেলিভার হওয়া AI মেসেজে আনুমানিক ৪ থেকে ৫ সেন্ট খরচ হতে পারে। অর্থাৎ, WhatsApp-কে শুধু গ্রাহকের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা ব্যবসাগুলির জন্য ১ অক্টোবর থেকে খরচের কাঠামো বদলাচ্ছে। বিশেষ করে যেসব সংস্থা নিয়মিত পরিষেবা, অর্ডার আপডেট, প্রচার এবং AI-নির্ভর গ্রাহক পরিষেবার জন্য WhatsApp Business Platform ব্যবহার করে, তাদের নতুন বিলিং নিয়ম অনুযায়ী খরচের হিসাব করতে হবে।