Fantasy Bra: Kylie Jenner Stuns in Victoria’s Secret Fantasy Bra Worth Over $50 Million

Fantasy Bra: বক্ষযুগল ঢাকা স্রেফ হিরেতে! র‍্যাম্পে তাক লাগলো ৪৭৩ কোটি টাকার ‘ফ্যান্টাসি’ ব্রা!

The NewsNest Desk: একটি ব্রায়ের দাম ৪৭৩ কোটি টাকারও বেশি! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক বিলাসবহুল অন্তর্বাস ঘিরে এখন চর্চা ফ্যাশন দুনিয়ায়। কাপড়ের বদলে সোনা ও হাজার হাজার হিরে দিয়ে তৈরি এই বিশেষ ব্রা পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন মডেল ও ধনকুবের কাইলি জেনার। বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা ভিক্টোরিয়াস সিক্রেটের এই ‘ফ্যান্টাসি ব্রা’ ইতিমধ্যেই নজর কেড়েছে।

১৯৯৬ সাল থেকে ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোয়ে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ফ্যান্টাসি ব্রা। প্রতি বছরই মূল্যবান রত্ন ও অভিনব নকশায় তৈরি এই অন্তর্বাস দর্শকদের চমকে দেয়। তবে এ বারের আয়োজন যেন আগের সব রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে। সংস্থার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই অন্তর্বাস তৈরির দায়িত্বে ছিল বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কোং। সংস্থার প্রতিষ্ঠাতা জেকব আরাবোর তথ্য অনুযায়ী, ব্রাটিতে বসানো হয়েছে মোট ৪ হাজার ৪১০টি হিরে। এর মধ্যে রয়েছে মাঝখানে বসানো একটি বিশাল হলুদ হিরে, যার ওজন ৭৫.৫৪ ক্যারাট। রেডিয়েন্ট কাটের এই হিরেটির দামই প্রায় ২ কোটি ২০ লক্ষ ডলার বলে জানা গিয়েছে। হিরেগুলি ধরে রাখতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারাট সোনার সুতো।

সব মিলিয়ে অন্তর্বাসটিতে ব্যবহৃত হিরেগুলির মোট ওজন প্রায় ১ হাজার ৩৭৩ ক্যারাট। গোটা নকশাটি চূড়ান্ত করার আগে প্রায় ৩ হাজারটি ডিজাইন তৈরি করা হয়েছিল। সেখান থেকে বিভিন্ন নকশার বৈশিষ্ট্য বেছে নিয়ে শেষ পর্যন্ত তৈরি হয় এই বিশেষ ব্রা। এই ফ্যান্টাসি ব্রা তৈরির কাজও ছিল যথেষ্ট সময়সাপেক্ষ। ১৫ জন শিল্পী হাতে ধরে প্রতিটি হিরে বসিয়েছেন। অন্তর্বাসটি সম্পূর্ণ করতে লেগেছে প্রায় ১ হাজার ঘণ্টা। প্রস্তুতকারীরা জানিয়েছেন, র‍্যাম্পে মডেলের শরীরের নড়াচড়ার সঙ্গে যাতে হিরেগুলি ঝলমল করে ওঠে, সে কথা মাথায় রেখেই নকশায় বারবার পরিবর্তন আনা হয়েছে। এতে ছয় ধরনের হিরে ব্যবহার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এই রত্নখচিত ব্রাটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪৭৩ কোটি টাকারও বেশি। তবে এত বিপুল দাম হলেও প্রশ্ন উঠছে, আদৌ কি কেউ কিনবেন এই অন্তর্বাস? নাকি এটি শুধুই ফ্যাশন শোয়ের প্রদর্শনীর জন্য তৈরি? প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক কেজি ওজনের এই ফ্যান্টাসি ব্রা বিক্রির জন্যও রাখা হয়েছে। যদিও শেষ পর্যন্ত কত দামে এটি বিক্রি হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রস্তুতকারীদের অবশ্য আশা, এই ব্যতিক্রমী সৃষ্টি ক্রেতা খুঁজে পাবে।

তবে ফ্যান্টাসি ব্রা বিক্রি না হওয়ার নজিরও রয়েছে। অতীতে এমন কিছু অন্তর্বাস বিক্রি না হওয়ায় সেগুলি থেকে মূল্যবান রত্ন খুলে নেওয়া হয়েছিল। ফলে এই বিপুল ব্যয়ের ফ্যাশন-সৃষ্টির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। একদিকে শিল্প, কারিগরি দক্ষতা ও বিলাসিতার নজির, অন্যদিকে কয়েকশো কোটি টাকা খরচ করে এমন একটি পোশাক তৈরির প্রয়োজনীয়তা—দুইয়ের টানাপোড়েনেই আলোচনায় ভিক্টোরিয়াস সিক্রেটের এই হিরে-খচিত ফ্যান্টাসি ব্রা।

আরও পড়ুন: Ralph Lauren: প্রাডার পর এবার রালফ লরেন, ভারতীয় ঐতিহ্য ব্যবহার নিয়ে উঠল ‘চুরি’র অভিযোগ