Koushani Mukherjee: Koushani Mukherjee to play Chandramukhi in Srijit Mukherji’s Emperor vs Sarat Chandra

Koushani Mukherjee: বৈজন্তীমালা, মাধুরীর পরে এবার দেবদাসের চন্দ্রমুখী কৌশানী! প্রকাশ্যে ফার্স্ট লুক

কলকাতা, ২১ সেপ্টেম্বর: সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ এবার বড় চমক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যজগতের অন্যতম জনপ্রিয় চরিত্র চন্দ্রমুখী হিসেবে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। পুজোর সময়ে মুক্তির কথা রয়েছে এই ছবির।

প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় এবং নন্দী মুভিজ়ের ব্যানারে তৈরি হচ্ছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিককে। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন কৌশানী।

‘দেবদাস’-এর চন্দ্রমুখী চরিত্রটি বাংলা ও ভারতীয় সিনেমায় একাধিকবার পর্দায় এসেছে। বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীরা চরিত্রটিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। ‘দেব ডি’-তে চন্দ্রমুখীর আধুনিক রূপে দেখা গিয়েছিল কল্কি কোয়েচলিনকে। এবার সেই স্মরণীয় চরিত্রকেই নিজের সিনেম্যাটিক ভাষায় নতুন করে পর্দায় আনছেন সৃজিত।

ছবিটি শুধু শরৎচন্দ্রের জীবনকাহিনি নয়; তাঁর সাহিত্যচর্চা, সময়কাল এবং সেই সময়ের সামাজিক-রাজনৈতিক টানাপড়েনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ছবির পরিচালনার পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন সৃজিত। কৌশানীর চন্দ্রমুখী চরিত্রের পর্দায় উপস্থিতি কতটা এবং গল্পের সঙ্গে তার যোগসূত্র কী, তা নিয়েই এখন তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল।