Princess Diana: Princess Diana’s ‘revenge dress’ could fetch $300,000 at auction

Princess Diana: স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ এবার নিলামে

নিউ ইয়র্ক: প্রিন্সেস ডায়ানার পরা সেই বিখ্যাত কালো রঙের ‘রিভেঞ্জ ড্রেস’ প্রথমবারের মতো প্রকাশ্যে নিলামে উঠতে চলেছে। ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ানের ডিজাইন করা এই সিল্কের পোশাকটি আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কের সদবি ’স-এ নিলামে তোলা হবে, যার সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ লক্ষ ৫০ হাজার থেকে ৩ লক্ষ মার্কিন ডলার।

১৯৯৪ সালের ২৯ জুন লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে এই পোশাকটি পরেছিলেন ডায়ানা। কাকতালীয়ভাবে, সেদিনই টেলিভিশনে প্রচারিত এক তথ্যচিত্রে তৎকালীন প্রিন্স চার্লস (বর্তমান রাজা চার্লস তৃতীয়) তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। প্রিন্স চার্লসের সেই স্বীকারোক্তির রাতে ডায়ানার আত্মবিশ্বাসী রূপের এই প্রকাশ বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল এবং ফ্যাশন ইতিহাসে এটি একটি আইকনিক মুহূর্ত হয়ে রয়েছে।

তবে বিষয়টা কেবল সেই পোশাকটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পোশাকের সঙ্গে তিনি যেসব অনুষঙ্গ বেছে নিয়েছিলেন, সেগুলোও আসলে ‘প্রতিশোধমূলক বার্তা’ই দিয়েছিল। অফ-দ্য-শোল্ডার এই কালো পোশাকে ছিল প্লেটেড বডিস, অ্যাসিমেট্রিক হেমলাইন এবং শিফনের আকর্ষণীয় ট্রেইল। ডায়ানা এটি পরেছিলেন কালো হিল, ক্লাচ এবং মুক্তোর চোকরের সঙ্গে, যার মাঝে ছিল কুইন মাদারের কাছ থেকে পাওয়া একটি অ্যান্টিক নীলকান্তমণি ও হীরার ব্রোচ। ১৯৯৭ সালের আগস্টে মৃত্যুর ঠিক আগে জুনে নিজের ৭৯টি পোশাকের সঙ্গে এই ড্রেসটিও নিলামে তুলেছিলেন ডায়ানা। নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হয়েছিল স্তন ক্যানসার এবং এডস নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংস্থাকে।

আসন্ন ডিসেম্বরের নিলামের আগে পোশাকটি আন্তর্জাতিক প্রদর্শনীতে রাখা হবে। আগামী ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডন ফ্যাশন উইকের সময় লন্ডনের সোথবি’স-এ এটি প্রদর্শিত হবে এবং পরবর্তীতে হংকং, জেনেভা ঘুরে ২ ডিসেম্বর নিউইয়র্কে পৌঁছাবে। দীর্ঘ প্রায় ৩০ বছর পর এই ঐতিহাসিক পোশাকটি পুনরায় প্রকাশ্যে আসছে।