Allegation of Gang Rape in Santiniketan

Shantiniketan rape case: মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তেরা অধরা

কয়েক দিন আগেই বীরভুমের বোলপুর থানার অন্তর্গত সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েত এলাকার এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের শিকার হতে হয়। তার কিছুদিনের মধ্যে ফের গণধর্ষণের ছবি দেখা গেল খোদ বীরভূমেই।

জানা গিয়েছে, শান্তিনিকেতনের আদিত্যপুরের বাসিন্দা ওই নাবালিকা ৫ জনের হাতে গণধর্ষণের শিকার হন। অভিযোগ, স্থানীয় চড়ক মেলা থেকে প্রথমে তাঁকে অপহরণ করা হয় এবং তারপর নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালায় পাঁচ অভিযুক্ত। নাবালিকার পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই আদিবাসী নাবালিকা বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে চড়কের মেলা গিয়েছিল। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল। মাঠের একটি দিকে বসে তারা যখন গল্প করছিল, সে সময় আচমকা জনা পাঁচেক যুবক সেখানে আসে। এর পর ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে নিয়ে নদীর ফাঁকা চরে চলে যায় তারা। সেখানে মেয়েটিকে যৌন নির্যাতন করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন: Visva-Bharati University: জাতি বৈষম্যমূলক মন্তব্য করে ছাত্রকে অপমান, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

অন্য দিকে, ওই নাবালিকার বন্ধু স্থানীয়দের খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে এলাকার কয়েক জন। শুক্রবার সকালে নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনায় এ পর্যন্ত তিন জনকে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী।

পুলিশ সুপার বলেন, ‘‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। মেলা থেকে ফেরার পথে তিন চার জন ছেলে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আমরা তদন্ত করছি।’’

আরও পড়ুন: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদনে সাড়া, সাক্ষ্য দিতে ডাকা হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে