২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্মের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।
তবে এসব তারিখ চূড়ান্ত নয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদসহ বিভিন্ন ধর্মীয় দিবসের তারিখ এক দিন আগে-পরে হতে পারে। কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত ক্যালেন্ডার দেশটির জন্য প্রযোজ্য। বাংলাদেশসহ অন্যান্য দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী তারিখ নির্ধারিত হবে।
কবে শুরু হতে পারে রমজান?
কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসনের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সাধনায় নিয়োজিত থাকেন তাঁরা।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ-এ প্রকাশিত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবেও ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। ওই হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হতে পারে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে তারাবির নামাজ আদায়ের পর ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
শবে কদর কবে?
কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডারে ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতকে শবে কদর হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলাম ধর্মে শবে কদর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সূচনা হয়। মুসলিমরা এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে ইবাদতে সময় কাটান।
তবে শবে কদরের রাত নির্ধারণের ক্ষেত্রে দেশভেদে প্রচলিত ধর্মীয় অনুসরণ ও চাঁদ দেখার হিসাবের কারণে তারিখে পার্থক্য হতে পারে।
ঈদুল ফিতর নিয়ে দুই রকম সম্ভাব্য হিসাব
২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে প্রকাশিত তথ্যেও পার্থক্য রয়েছে। কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে ঈদুল ফিতরের তারিখ ৯ মার্চ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে গালফ নিউজ জানিয়েছে, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর পালিত হতে পারে।
এই পার্থক্যের কারণ রমজান মাস ২৯ দিন নাকি ৩০ দিন স্থায়ী হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রমজান শেষে ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করা হয়। তাই এখনই কোনও একটি তারিখকে নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ
কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডারে ২০২৭ সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত পালনের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। এর আগের দিন, ১৫ মে পবিত্র আরাফাতের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ক্যালেন্ডারে অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও রয়েছে। সেগুলো হলো—
- শবে মেরাজ: ৪–৫ জানুয়ারি দিবাগত রাত
- শবে বরাত: ২২–২৩ জানুয়ারি দিবাগত রাত
- শবে কদর: ৫–৬ মার্চের রাত
- ঈদুল ফিতর: ৯ মার্চ
- আরাফাতের দিন: ১৫ মে
- ঈদুল আজহা: ১৬–১৮ মে
- আশুরা: ১৫ জুন
- ঈদে মিলাদুন্নবী: ১৪–১৫ আগস্ট
- শবে মেরাজের আরেকটি তারিখ: ২৪–২৫ ডিসেম্বর