কলকাতা: তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরোতেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। দুর্গাপুজোর টিকিট বিক্রি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অভিযোগ ঘিরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
ইউনেস্কোর নাম ব্যবহার করে টিকিট বিক্রির অভিযোগ
অভিযোগ, ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার মাধ্যমে ২০২৩ ও ২০২৪ সালে কলকাতার একাধিক বড় দুর্গাপুজো দেখার জন্য টিকিট বিক্রি করা হয়েছিল। ওই টিকিট বিক্রির ক্ষেত্রে ইউনেস্কোর নাম ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। নির্দিষ্ট কয়েকটি পুজো মণ্ডপে আগে প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলে টিকিটের দাম ১,৮০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত রাখা হয়েছিল। কোনও কোনও টিকিটের দাম ছিল ১২ হাজার টাকা। এই ঘটনায় ইন্দ্রনীল সেনের পাশাপাশি ‘মাস আর্ট’ সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংস্থাটির সঙ্গে তাঁর স্ত্রী মধুছন্দা সেনের যোগ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
৩০ লক্ষ টাকার লেনদেন ঘিরে প্রশ্ন
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন ‘অকটেভ রেকর্ডস’ নামে একটি সংস্থার অ্যাকাউন্টে ৩ কোটি ৮০ লক্ষ টাকা জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলে ইডির বিবৃতিতে দাবি করা হয়েছে। এই অর্থকে রয়্যালটি হিসেবে ব্যাখ্যা করেছিলেন ইন্দ্রনীল সেন বলে তদন্তকারী সংস্থার বক্তব্য। এ ছাড়াও, মন্ত্রী থাকাকালীন তাঁর ঘনিষ্ঠদের সংস্থাকে ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে ওই সংস্থাগুলি থেকে তাঁর আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায় টাকা যাওয়ার অভিযোগও তদন্তের আওতায় এসেছে। গত ৮ জুন বউবাজার থানায় জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগের পর বিষয়টি সামনে আসে। তবে, এই সমস্ত অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।