Joshimath crash: 13 helicopter crashes in Uttarakhand claim 27 lives in a decade.

Joshimath crash: জোশীমঠে হেলিকপ্টার দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু, উত্তরাখণ্ডে ১০ বছরে প্রাণ গেল ২৭ জনের

The NewsNest Desk:  উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় ছ’জনের মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে পাহাড়ি রাজ্যের আকাশপথে যাতায়াতের নিরাপত্তা। গত ১০ বছরে উত্তরাখণ্ডে মোট ১৩টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। পরিসংখ্যান বলছে, বিশেষ করে গত পাঁচ বছরে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

উত্তরাখণ্ডের কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী—এই চার ধামে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভিড় করেন। তাঁদের অনেকেই দুর্গম পাহাড়ি পথ এড়িয়ে হেলিকপ্টারে যাতায়াত করেন। পর্যটকদের কাছেও আকাশপথে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার আকর্ষণ রয়েছে। কিন্তু বার বার দুর্ঘটনা সেই পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

গত বছর রাজ্যসভায় অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে সাতটিই উত্তরাখণ্ডে। ২০২২ সালের অক্টোবরে কেদারনাথে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে পাইলট-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। ২০২৫ সালের মে ও জুন মাসে উত্তরকাশীতে পর পর দুটি দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ওই যাত্রাপথে পাঁচটি দুর্ঘটনা ঘটেছিল।

শুধু উত্তরাখণ্ড নয়, গত পাঁচ বছরে মহারাষ্ট্রে চারটি হেলিকপ্টার দুর্ঘটনায় সাত জন এবং ছত্তীসগঢ়ে একটি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ৩৬।

বিশেষজ্ঞদের মতে, উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার অন্যতম কারণ প্রতিকূল আবহাওয়া, কম দৃশ্যমানতা এবং পাহাড়ি এলাকায় ওড়ার ঝুঁকি। কিছু ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিও দুর্ঘটনার কারণ হয়েছে। তাই উচ্চ পার্বত্য এলাকায় বিমান চালানোর জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণ, কঠোর নিরাপত্তাবিধি এবং আবহাওয়া পর্যবেক্ষণের উপর জোর দিচ্ছেন তাঁরা।

শুক্রবারের দুর্ঘটনায় বদরীনাথ থেকে পাঁচ যাত্রীকে নিয়ে জোশীমঠে ফিরছিল ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের একটি হেলিকপ্টার। দুপুরে জোশীমঠ উপত্যকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসের অদূরে পাহাড়ে কপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। পাইলট-সহ ছ’জনেরই মৃত্যু হয়েছে। মৃত পাঁচ যাত্রী বেঙ্গালুরুর বাসিন্দা। প্রাথমিক অনুমান, বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতার অভাব দুর্ঘটনার কারণ হতে পারে।

আরও পড়ুন: PNB: গ্রাহকদের ৩৫ কোটি টাকা উধাওয়ের অভিযোগ! চাপের মুখে টাকা ফেরাচ্ছে পিএনবি!