Rice Production: India rice production faces steepest fall in nearly 20 years, stocks cushion exports

Rice Production: বৃষ্টির ঘাটতির জেরে ধান উৎপাদনে বড় ধাক্কা ভারতে, ২০ বছরে সর্বাধিক পতনের আশঙ্কা!

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: বৃষ্টির ঘাটতির জেরে চলতি বছরে ভারতে ধান উৎপাদন প্রায় ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি কমতে পারে। গত এক দশকের মধ্যে এই প্রথম উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে দেশের বাজারদর এবং চাল রফতানির উপর। তবে বিপুল সরকারি মজুত থাকায় আপাতত রফতানিতে বড় কোনও বাধা তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি মরসুমে ভারতের ধান উৎপাদন প্রায় ১ কোটি টন কমে যেতে পারে। গত বছর রেকর্ড ১৫ কোটি ৪০ লক্ষ টন উৎপাদনের তুলনায় যা প্রায় ৬.৫ শতাংশ কম। এমন পতন শেষবার দেখা গিয়েছিল ২০০৯-১০ সালে, এল নিনোর প্রভাবে খরার সময়।

ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বর্ষার বৃষ্টিতে এ বার ঘাটতি রয়েছে। ১ জুন থেকে শুরু হওয়া চার মাসের বর্ষায় দেশে স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। কয়েকটি ধান উৎপাদনকারী রাজ্যে ঘাটতি ৪২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি ১১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন ধানের চাষের জমির পরিমাণও গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ কমেছে।

উৎপাদন কমার আশঙ্কায় ইতিমধ্যেই দেশের বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। রফতানি মূল্যও এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তবে ১ সেপ্টেম্বর সরকারি মজুতে চাল ও ধান মিলিয়ে রেকর্ড প্রায় ৫ কোটি ৯৬ লক্ষ টন মজুত ছিল। ফলে উৎপাদন কমলেও আপাতত রফতানি চালু রাখতে সেই মজুতই বড় ভরসা হয়ে উঠতে পারে।

 

তথ্যসূত্র: telegraphindia.