FSSAI Action Against Nestle India: 3 Infant Nutrition Products Flagged, Shares Fall 2%

FSSAI-এর আইনি পদক্ষেপে নেসলে ইন্ডিয়া, শিশুখাদ্যের ৩ পণ্যে নিয়মভঙ্গের অভিযোগ! ২% পড়ল শেয়ার

 শিশুখাদ্য নিয়ে বড় পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI। নেসলে ইন্ডিয়ার তিনটি শিশুপুষ্টি পণ্যকে ঘিরে আলাদা তিনটি অ্যাডজুডিকেশন মামলা শুরু করেছে দেশের খাদ্যনিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগের মধ্যে রয়েছে পণ্যের প্রচারে বিধি লঙ্ঘন এবং একটি ফলো-আপ ফর্মুলায় নির্ধারিত মাত্রার তুলনায় কম বায়োটিন পাওয়া।

FSSAI জানিয়েছে, তারা নেসলে ইন্ডিয়ার NAN Excella Pro Stage 1, Lactogen Pro 1 এবং একটি ফলো-আপ ফর্মুলা পরীক্ষা করেছে। একই সঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মে ওই পণ্যগুলির প্রচারমূলক উপাদানও খতিয়ে দেখা হয়।

NAN Excella Pro Stage 1-এর প্রচারে ‘5HMOs’ এবং ‘Whey Protein’ সংক্রান্ত কিছু দাবি নিয়ে আপত্তি জানিয়েছে FSSAI। অন্য দিকে, Lactogen Pro 1-এর ক্ষেত্রে ‘Whey Protein’ সহজে হজম হয়—এমন প্রচারমূলক দাবির বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

নিয়ন্ত্রক সংস্থার দাবি, দুই পণ্যের প্রচারমূলক উপাদান Food Safety and Standards (Foods for Infant Nutrition) Regulations, 2020-এর Regulation 4(2)-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই বিধিতে শিশুখাদ্যের বিক্রি বাড়াতে পারে এমন প্রচার বা দাবির ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি, Infant Milk Substitutes, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Act, 1992-এর Section 3-এর কথাও উল্লেখ করেছে FSSAI।

অন্য একটি ঘটনায় নেসলে ইন্ডিয়ার তৈরি ফলো-আপ ফর্মুলার নমুনা পরীক্ষায় বায়োটিনের মাত্রা নির্ধারিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে ধরা পড়ে। নমুনাটি পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হলেও রেফারেল ল্যাবরেটরির পরীক্ষাতেও একই ধরনের অসঙ্গতি পাওয়া যায়।

এই তিনটি পণ্যকে কেন্দ্র করেই নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে পৃথক তিনটি অ্যাডজুডিকেশন মামলা দায়ের করেছে FSSAI।

এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। বম্বে স্টক এক্সচেঞ্জে দুপুর ১টা ১০ মিনিট নাগাদ নেসলে ইন্ডিয়ার শেয়ার প্রায় ২ শতাংশ কমে ১,৩৪৫.৪৫ টাকা-য় নেমে যায়।

এর আগে ম্যাগি নিয়েও FSSAI-এর নোটিস পেয়েছিল নেসলে ইন্ডিয়া। একটি ম্যাগির প্যাকেটে পোকা বা লার্ভা থাকার অভিযোগের পর সংস্থার কাছে বিস্তারিত Action Taken Report (ATR) চেয়েছিল নিয়ন্ত্রক সংস্থা।

FSSAI জানিয়েছে, গত কয়েক মাসে খাদ্যনিরাপত্তা সংক্রান্ত গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে একাধিক খাদ্য ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ই-কমার্স সংস্থাগুলিকেও একাধিক নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি KFC, McDonald’s, Pizza Hut, Domino’s এবং Costa Coffee-র মতো খাদ্য পরিষেবা সংস্থার বিরুদ্ধেও নোটিস জারি করা হয়েছে। Domino’s-এর পাঁচটি লাইসেন্সও সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে FSSAI।