Disha Salian Death Case: CBI Files FIR Naming Aditya Thackeray, Rhea Chakraborty After Bombay HC Order

Disha Salian Death Case: সিবিআইয়ের এফআইআরে আদিত্য ঠাকরে, ডিনো মোরিয়া ও রিয়ার নাম, নতুন মোড়

ছ’বছর পর ফের জাতীয় রাজনীতি এবং বলিউডে তোলপাড় ফেলে দিল দিশা সালিয়ানের মৃত্যু। বম্বে হাই কোর্টের কড়া নির্দেশের পর এবার এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে এফআইআর (FIR) দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তদন্তে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে, অভিনেতা ডিনো মোরিয়া এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী-সহ একাধিক প্রভাবশালী নাম সামনে এসেছে।

২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশার। প্রাথমিক তদন্তে মুম্বই পুলিশ এটিকে আত্মহত্যা বললেও শুরু থেকেই তাতে আপত্তি জানিয়ে আসছিলেন দিশার বাবা সতীশ সালিয়ান। গত ২ সেপ্টেম্বর বম্বে হাই কোর্ট এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়ে অবিলম্বে এফআইআর দায়ের এবং দিশার বাবার বয়ান রেকর্ড করার স্পষ্ট নির্দেশ দেয়।

আদালতের কড়া বার্তার পর সিবিআই দফতরে হাজির হয়ে নিজের বয়ান দাজ করেন সতীশ সালিয়ান। সূত্রের খবর, সিবিআইয়ের এফআইআরে হত্যা, গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রমাণ লোপাটের মতো অত্যন্ত গুরুতর ধারায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, দিশার মৃত্যুর ঠিক ছ’দিন পর, অর্থাৎ ১৪ জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। ফলে এই দুই মৃত্যুর পেছনে কোন গভীর যোগসূত্র ছিল কি না, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। এখন সিবিআইয়ের এই মেগা তদন্তে দিশা সালিয়ান মৃত্যু মামলার আসল সত্য সামনে আসে কি না, সেদিকেই নজর পুরো দেশের।