The NewsNest Desk: ২০০ কোটি টাকার তোলাবাজি মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে সাক্ষী হিসেবে তলব করল দিল্লির আদালত। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলায় আগামী ২ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় এ বার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু করতে চলেছে আদালত। সেই পর্বেই নোরাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।
গত ১৬ অক্টোবর এই নির্দেশ দেন অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিংহ। আদালতের নির্দেশে নোরা ফতেহি ওরফে নওরা ফতেহির নাম তৃতীয় সম্পূরক চার্জশিটে তালিকাভুক্ত সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২ নভেম্বর তাঁকে হাজির হতে হবে। উল্লেখ্য, কোনও ব্যক্তি সাক্ষী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিলে তাঁকে প্রসিকিউশন উইটনেস বা সরকারি পক্ষের সাক্ষী হিসেবে গণ্য করা হয়।
দিল্লি পুলিশের স্পেশাল সেল এই মামলার তদন্ত করছে। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর এবং তাঁর সহযোগীরা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিলেন। ফর্টিস হেলথকেয়ারের প্রোমোটার শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সেই সময় শিবিন্দর একটি অর্থপাচার মামলায় জেলবন্দি ছিলেন। তাঁকে জামিন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।
পুলিশের অভিযোগ, রোহিণী জেলে বন্দি থাকাকালীন সুকেশ ভুয়ো ফোন নম্বর ব্যবহার করে অদিতি সিংহের সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিক বলে পরিচয় দিয়ে স্বামীর জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। সেই সূত্রেই তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এই মামলায় সুকেশের পাশাপাশি তাঁর স্ত্রী লীনা পল এবং অন্যদের বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যে রয়েছে সরকারি কর্মী সেজে প্রতারণা, তোলাবাজি এবং মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো অভিযোগ। পাশাপাশি মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট বা MCOCA-র ধারাও যুক্ত হয়েছে।
তদন্তে এর আগে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির বক্তব্যও রেকর্ড করেছিল পুলিশ। এ বার আদালতে নোরার সাক্ষ্য মামলার পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: Parineeti Chopra: ৩৫ হাজার ফুট উচ্চতায় করবা চৌথ! বিমানের মধ্যেই রাঘবের হাতে উপবাস ভাঙলেন পরিণীতি