Poushali Banerjee, Folk singer responds to online abuse and defends the dignity of sex workers.

Poushali Banerjee: ‘যৌনকর্মীদের পাড়ায় গান করুন’, কটাক্ষের জবাবে পৌষালী বললেন‘সতীত্বে আঘাত লাগলে আমায় ত্যাগ করুন’

The NewsNest Des: গান পছন্দ না হলে সমালোচনা হতেই পারে। কিন্তু সেই সমালোচনা যখন ব্যক্তিগত আক্রমণ ও নারীর সম্মানহানির পর্যায়ে পৌঁছয়, তখন প্রতিবাদ জরুরি। সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্যের মুখে পড়ে এ বার স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানালেন গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। এক মহিলা তাঁকে যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান গাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। সেই মন্তব্যের জবাবে যৌনকর্মীদের প্রতি সম্মান জানিয়ে পাল্টা বার্তা দিয়েছেন শিল্পী।

পৌষালীর দাবি, দীর্ঘদিন ধরেই সমাজমাধ্যমে তাঁর শরীর, গান গাওয়ার ধরন এবং মঞ্চে পরিবেশনা নিয়ে নানা ধরনের কটাক্ষ করা হচ্ছে। এত দিন বিষয়গুলি এড়িয়ে গেলেও এ বার অপমানের মাত্রা সীমা ছাড়িয়েছে বলে মনে করেছেন তিনি। তাঁর বক্তব্য, শিল্পীর কাজ নিয়ে কারও পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কিন্তু সেই মতামত প্রকাশ করতে গিয়ে অন্য নারীদের শরীর, মন ও সম্মানকে আঘাত করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।

যৌনকর্মীদের নিয়ে মন্তব্যের জবাব পৌষালীর

সম্প্রতি এক মহিলা তাঁর সমাজমাধ্যমের মন্তব্য বাক্সে গিয়ে পৌষালীকে যৌনকর্মীদের এলাকায় গান গাইতে যাওয়ার কথা বলেন বলে জানিয়েছেন গায়িকা। তাঁর অভিযোগ, মন্তব্যটিতে যৌনকর্মীদের উল্লেখ করতে গিয়ে অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করা হয়েছিল।

এই আক্রমণের জবাবে ওই মহিলার প্রতি ক্ষোভ প্রকাশের বদলে যৌনকর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পৌষালী। তিনি জানিয়েছেন, কোনও যৌনকর্মী যদি তাঁর গান শুনতে চান, তা হলে তিনি সানন্দে গান শোনাবেন। নিজের পরিচিত গানের উল্লেখ করে শিল্পী বলেন, ‘কৃষ্ণ প্রেমে পোড়া দেহ’ তিনি বারবার গাইতেও প্রস্তুত। এতে কারও তথাকথিত সতীত্ববোধে আঘাত লাগলে তাঁকে ত্যাগ করার স্বাধীনতাও রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

নারীর সম্মান নিয়ে প্রশ্ন তুললেন গায়িকা

পৌষালীর বক্তব্যে উঠে এসেছে সমাজের দ্বিচারিতার প্রসঙ্গও। এক দিকে দেবী আরাধনা, অন্য দিকে নারীদের অপমান—এই বৈপরীত্য নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, কোনও মানুষের পেশা বা সামাজিক অবস্থানকে হাতিয়ার করে তাঁকে অপদস্থ করা উচিত নয়।

আরও পড়ুন: Janhvi Kapoor: এই লজ্জা আজীবন বয়ে বেড়াতে হবে’! ‘পেদ্দি’ ছবিতে নারীকে পণ্য হিসেবে দেখানোয় অনুতপ্ত জাহ্নবী