Liquor Booking App: Book liquor online and collect it from designated stores.

Liquor Booking App: এবার সরকারি অ্যাপেই হবে মদ বুকিং! সর্বোচ্চ মিলবে ৯ লিটার হুইস্কি ও ১৮ লিটার বিয়ার

Thenewsnest: এ বার সরকারি মোবাইল অ্যাপের মাধ্যমে মদ বুক করার সুবিধা চালু হয়েছে দিল্লিতে। ‘দিল্লি লিকার বুকিং’ নামে এই অ্যাপের সাহায্যে গ্রাহকেরা পছন্দের ব্র্যান্ড বেছে নিয়ে অনলাইনে টাকা মেটাতে পারবেন। তবে অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাবে মদের বোতল, এমন কোনও সুবিধা নেই। বুকিংয়ের পর নির্দিষ্ট দোকানে গিয়ে সংগ্রহ করতে হবে অর্ডার।

কী ভাবে কাজ করবে দিল্লি লিকার বুকিং অ্যাপ?

‘দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (ডিএসআইআইডিসি) এই অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা উপলব্ধ ব্র্যান্ড, বোতলের আকার ও পরিমাণ বেছে নিতে পারবেন। তার পর ডিএসআইআইডিসি পরিচালিত নির্দিষ্ট মদের দোকান নির্বাচন করে অনলাইনে মূল্য মেটাতে হবে। বুকিং সম্পূর্ণ হলে একটি কিউআর কোড দেওয়া হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিত দোকানে সেই কোড দেখিয়ে অর্ডার সংগ্রহ করতে হবে।

কতটা মদ কেনা যাবে?

প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লির আবগারি বিধি মেনে একজন গ্রাহক সর্বোচ্চ ৯ লিটার হুইস্কি এবং ১৮ লিটার বিয়ার কিনতে পারবেন। অ্যাপটি ব্যবহার করার জন্য গ্রাহকের বয়স অন্তত ২৫ বছর হতে হবে। অর্ডার সংগ্রহের আগে বুকিং বাতিল করার সুযোগও রয়েছে। তবে মদ বিক্রি হয়ে গেলে বা সংগ্রহ করার পর তা ফেরত দেওয়া যাবে না।

কেন মিলবে না হোম ডেলিভারি?

বর্তমানে দিল্লিতে ডিএসআইআইডিসি পরিচালিত ২০৮টি খুচরো মদের দোকানে এই অনলাইন বুকিং পরিষেবা পাওয়া যাবে। অন্য সরকারি সংস্থার দোকানে আপাতত এই সুবিধা চালু হয়নি। সরকারি আধিকারিকদের মতে, দোকানে অপেক্ষার সময় কমানো, পেমেন্ট কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণ এবং বিলিংয়ে স্বচ্ছতা আনাই এই উদ্যোগের লক্ষ্য।

তবে পরিষেবাটি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে কি না, তা নির্ভর করবে গ্রাহকদের প্রতিক্রিয়ার উপর। আপাতত অনলাইনে বুকিং করা গেলেও মদ সংগ্রহ করতে হবে নির্দিষ্ট দোকান থেকেই।

আরও পড়ুন: Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নভেম্বরেই করুন ৩ কাজ, না হলেই টাকা বন্ধ