চণ্ডীগড়: জীবনের নানা ‘অভিযান’-এর পর এ বার বিয়ের মণ্ডপে হাজির হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার মৈনপাল ধিল্লা ওরফে বদলি। তবে নিজের ইচ্ছেমতো নয়, হাই কোর্টের অনুমতি নিয়ে মাত্র ১২ ঘণ্টার প্যারোলে জেল থেকে বেরিয়ে বিয়ে করল সে। বৃহস্পতিবার কম্বোডিয়ার সঙ্গী মেটা চ্যানের সঙ্গে হিন্দু রীতিতে বিয়ে হয় তার। অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের সন্তানরাও।
হিসার সেন্ট্রাল জেলে তিনটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছে ৫০ বছরের ধিল্লা। বিয়ের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে কাস্টডি প্যারোল দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে ঝাঝর-গুরগাঁও রোডের একটি ফার্মে নিয়ে যাওয়া হয়। সময় শেষ হওয়ার আগেই ফের জেলে পৌঁছতে হয় তাকে।
ধিল্লার সঙ্গে মেটা চ্যানের পরিচয় অবশ্য বেশ চমকপ্রদ। ২০১৮ সালে প্যারোলে জেল থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। পরে জাল নথিতে পাসপোর্ট তৈরি করে ২০১৯ সালে কম্বোডিয়ায় পালিয়ে যান। সেখানেই মেটার সঙ্গে তাঁর পরিচয় এবং পরে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। তাঁদের সন্তানও রয়েছে।
প্রায় ছ’বছর পর গত বছর কম্বোডিয়া থেকে তাকে ভারতে ফেরানো হয়। ২০২৪ সালের নভেম্বরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি হয়েছিল। ২০২৫ সালের জুলাইয়ে কম্বোডিয়া তাকে গ্রেফতার করে এবং সেপ্টেম্বর মাসে ভারতে প্রত্যর্পণ করা হয়।
ধিল্লার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি, ষড়যন্ত্র এবং বেআইনি অস্ত্র রাখার মতো প্রায় ২২টি মামলা রয়েছে। এক সময় হরিয়ানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ছিলেন তিনি। এত কিছুর মাঝেও এ দিন অবশ্য তাঁর ‘মিশন’ ছিল একটাই—বিয়ে সেরে নির্ধারিত সময়ে আবার জেলে ফেরা।